লেনদেন দ্বিগুণ বেড়েছে মূল্যসূচকেও ঊর্ধ্বগতি
দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার মূল্যসূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন প্রায় ৪ শতাংশ বা ১৭৩ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ বা ৪৪৩ পয়েন্ট। সেই সঙ্গে দুই বাজারেই লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শেয়ারবাজারে বিনিয়োগের ওপর কর রেয়াতের সুবিধাসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপন জারির খবরটি গতকালের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর আগে রাজনৈতিক উৎকণ্ঠা ঘিরে গত রোববার ও সোমবার দেশের শেয়ারবাজারে লেনদেন অনেক কমে গিয়েছিল। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিএনপির মহাসমাবেশ শেষ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তি ফিরেছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় শ্রেণীর নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারী আবারও সক্রিয় হয়েছেন। এনবিআরের প্রজ্ঞাপন: পুঁজিবাজারে দ্বিতীয় স্তরের (সেকেন্ডারি মার্কেট) বিনিয়োগকারীরা কর রেয়াতের সুবিধা পাবেন। আবার অনাবাসীদের মূলধনি মুনাফাও করমুক্ত থাকবে।গত ১ মার্চ জাতীয় এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রসঙ্গত, এই সুবিধা আগামী বছরের বার্ষিক আয়কর বিবরণী দাখিলের সময় প্রযোজ্য হবে।এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করার ওপরও শর্ত আরোপ করা হয়েছে। একজন বিনিয়োগকারী তাঁর মুনাফার ২৫ শতাংশ বা পাঁচ লাখ টাকা—এর মধ্যে যেটি কম, সেই পরিমাণ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করলে কর রেয়াত পাবেন। অর্থাৎ তিনি এক করবর্ষে যে পরিমাণ আয়কর প্রযোজ্য হবে, তার মধ্যে ১০ শতাংশ রেয়াত পাবেন।অন্য দিকে অনাবাসীদের মূলধনী মুনাফা করমুক্ত সুবিধা পেতে হলে তাঁর সংশ্লিষ্ট দেশে (বাংলাদেশি হলে যে দেশে বর্তমানে বসবাস করছেন; বিদেশি হলে যে দেশের নাগরিক) একই ধরনের সুবিধা পেতে হবে। অন্যথায় এই সুবিধা দেবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।গতকালের বাজার: ঢাকার বাজারে মঙ্গলবার ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৯টি বা ৯৬ শতাংশেরই দাম বেড়েছে, কমেছে মাত্র আটটির আর অপরিবর্তিত ছিল দুটির। ফলে দিন শেষে ডিএসইতে দাম কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অসম্পূর্ণই ছিল। দিন শেষে মঙ্গলবার ঢাকার বাজারে প্রায় ৩১৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৭৩ কোটি টাকা বেশি। এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫২৪ পয়েন্টে। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার সাত পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৫ শতাংশ বা ১৮৫টিরই দাম বেড়েছে। কমেছে সাতটির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ কোটি টাকা বেশি।