লেনদেন নিয়ে সন্তুষ্ট নন রকিবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি রকিবুর রহমান। আজ মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এই অসন্তোষের কথা জানান তিনি। ডিএসইতে আজ মাত্র ১০৪ কোটি টাকার লেনদেন হয়, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বিষয়ে রকিবুর রহমান বলেন, ‘আজ লেনদেন কমার বিষয়টি আমি কিছুই বুঝতে পারছি না। আমি এটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছি। বিষয়টি নিয়ে আমি অসন্তুষ্ট।’ তবে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।এ দিকে আজকের বোর্ড সভায় এমএসএ প্লাস সফটওয়্যারের সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং এই সফটওয়্যারের উন্নয়নের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, কম্পিউটার সমিতি থেকে একজন ও সেনাবাহিনী থেকে একজন প্রযুক্তি কর্মকর্তা।রকিবুর রহমান বলেন, ‘আজকের সভায় ডিএসইর নতুন ইনডেক্স চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এ-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটা সুপারিশ পেয়েছি। এ বিষয়ে আগামী সপ্তাহে আমরা জানাতে পারব।’এ ছাড়া আজ ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তার মোশারফ এম হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ডিমিউচুয়ালাইজেশন সম্পর্কে ভালো বোঝেন এমন কাউকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।