দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নেমে এসেছে শত কোটি টাকায়। গতকাল মঙ্গলবার দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১০৪ কোটি টাকায়। গত পাঁচ বছরের ব্যবধানে এটিই ডিএসইর সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ ২০০৮ সালের ৮ জানুয়ারি ডিএসইতে ৮২ কোটি টাকার সর্বনিম্ন লেনদেন হয়েছিল। যদিও ২০১১ সালের ২০ জানুয়ারি ডিএসইতে সর্বনিম্ন ৬৮ কোটি টাকার লেনদেনের একটি রেকর্ড রয়েছে। মাত্র পাঁচ মিনিটে ওই লেনদেন হয়েছিল। অস্বাভাবিক দরপতনের কারণে ওই দিন পাঁচ মিনিট পরই লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ওই দিনের লেনদেনকে স্বাভাবিক লেনদেন হিসেবে বিবেচনায় ধরা হয় না। ডিএসই কর্তৃপক্ষ যখন বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে আলোচনা করে লেনদেন কমে যাওয়ার কারণ খুঁজছে, ঠিক তখনই তা কমে পাঁচ বছর আগের অবস্থানে ফিরে গেছে। আশঙ্কাজনকভাবে লেনদেন কমে যাওয়ায় উদ্বিগ্ন বাজারসংশ্লিষ্ট সবাই। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লেনদেনের এই ধারা অব্যাহত থাকলে ব্রোকারেজ হাউসসহ অনেক মার্চেন্ট ব্যাংককে ব্যবসা গুটিয়ে আনতে হবে। কারণ, এই লেনদেন দিয়ে প্রতিষ্ঠানগুলোর নিয়মিত খরচ পোষানো সম্ভব হবে না। এদিকে ঢাকার বাজারের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও আশঙ্কাজনকভাবে কমে গেছে। গতকাল দিন শেষে সিএসইর লেনদেন নেমে এসেছে প্রায় ১২ কোটি টাকায়। বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রথম তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি টাকা। শেষ এক ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকা। শেষ ঘণ্টায় কিছুটা গতি সঞ্চার না হলে এ দিন লেনদেনের পরিমাণ শত কোটি টাকার নিচে থেকে যেত। এর আগে লেনদেন কমে যাওয়ার কারণ খুঁজতে গত রবি ও সোমবার যথাক্রমে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ডিএসই কর্তৃপক্ষ। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সেখানে লেনদেন কমে যাওয়ার জন্য ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের লেনদেন-সক্ষমতা না থাকার কথা জানান। বাজারের অবস্থা সম্পর্কে জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইউনিভার্সিটির বিজনেস অনুষদের অধ্যাপক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই। আর ব্যক্তি বিনিয়োগকারীর হাতে বিনিয়োগযোগ্য টাকা নেই। এ কারণে লেনদেন কমে গেছে। এ অবস্থা আরও কয়েক দিন চলতে থাকলে ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ভীতি ছড়িয়ে পড়বে। তখন দেখা যাবে, আবারও বিক্রির চাপ তৈরি হয়েছে। এর ফলে বড় ধরনের দরপতনের সম্ভাবনা দেখা দিতে পারে। মোহাম্মদ মূসা আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংক। কিন্তু সরকার ব্যাংক কোম্পানি আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে তাতে মনে হয় না বাজারে এখন ব্যাংকের বিনিয়োগ আর বাড়বে। তাই লেনদেন বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি করতে হলে সরকারকেই এগিয়ে আসতে হবে। বাজারে তারল্য সরবরাহ বাড়ানো না গেলে লেনদেনের এই মন্দাভাব কাটবে না।’লেনদেন আশঙ্কাজনকভাবে কমে গেলেও গতকাল মঙ্গলবার ঢাকার বাজারে মূল্যসূচক সামান্য বেড়েছে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১১৩ পয়েন্টে। দিন শেষে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা কমে গেছে। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক প্রায় ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার পয়েন্টে। এ দিন সিএসইতে ১৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৭৯টিরই দাম কমেছে, বেড়েছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ৩২টির দাম। দিন শেষে লেনদেন আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কমে নেমে এসেছে ১২ কোটি টাকায়।