লেনদেন বন্ধ এক বছর, বিপাকে বিনিয়োগকারীরা
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের লেনদেন এক বছর ধরে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। মার্জিন ঋণ নিয়ে প্রতিষ্ঠানটির শেয়ারে বিনিয়োগ করেছেন অনেকে। কিন্তু দীর্ঘদিন লেনদেন বন্ধ থাকায় বিনিয়োগকারীদের সুদ গুণতে হচ্ছে। এ অবস্থায় পদ্মা অয়েলের লেনদেন দ্রুত চালুর দাবি জানিয়েছেন তাঁরা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘোষিত লভ্যাংশ নিয়ে আইনি জটিলতার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গত বছরের ৩০ মার্চ পদ্মা অয়েল লিমিটেডের লেনদেন বন্ধ করে দেয়। বিনিয়োগকারীদের বৃহত্ স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ওই দিন ডিএসইর ওয়েবসাইটে বলা হয়।ডিএসই সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ ডিসেম্বর পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। একই সঙ্গে ২০১১ সালের ৫ মার্চ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা দেওয়া হয়, যার রেকর্ড ডেট ছিল গত বছরের ৬ জানুয়ারি।কিন্তু ঘোষিত ওই নগদ লভ্যাংশে সন্তুষ্ট না হয়ে একজন বিনিয়োগকারী হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের ওপর তিন মাসের স্থগিতাদেশ জারি করেন। পরে পদ্মা অয়েল হাইকোর্টের দেওয়া ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের দেওয়া আগের সিদ্ধান্ত স্থগিত করেন। তবে এ ক্ষেত্রে আপিল বিভাগের আদেশের আগেই পূর্বঘোষিত রেকর্ড ডেটের তারিখ পার হয়ে যায়। এমন পরিস্থিতিতে নতুন করে রেকর্ড ডেটের প্রয়োজন দেখা দেয়।পরে গত বছরের ২০ মার্চ পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ আবারও আগের ১০০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ৫০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। এ ছাড়া ৩০ এপ্রিল বেলা ১১টায় এজিএমের তারিখ ও ৪ এপ্রিল রেকর্ডের তারিখ ঘোষণা দেয়।এ দিকে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করলেও মামলার নিষ্পত্তি হয়নি। ফলে আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর নতুন করে ঘোষিত এই লভ্যাংশ নিয়ে জটিলতা দেখা দিতে পারে। তাই ডিএসইর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখতে এসইসিকে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির লেনদেন স্থগিত রাখার ব্যাপারে ডিএসই নির্দেশনা চায়।ডিএসইর প্রস্তাব নিয়ে গত বছরের ২৯ মার্চ এসইসির বাজার পর্যালোচনা কমিটির সভায় আলোচন হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লভ্যাংশ পরিবর্তনের আইনি দিকগুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। এ ছাড়া লেনদেন বন্ধ করার বিষয়টি ডিএসইর ওপর ছেড়ে দেয় কমিশন। এরই পরিপ্রেক্ষিতে ডিএসই কর্তৃপক্ষ পদ্মা অয়েলের লেনদেন স্থগিত করে।যুধিষ্ঠির রায় নামে এক বিনিয়োগকারী জানান, তাঁর কাছে পদ্মা অয়েলের ৫০০ শেয়ার রয়েছে। প্রায় এক বছর ধরে তিনি লেনদেন করতে পারছেন না। রিয়াজ নামের আরেক বিনিয়োগকারী জানান, তিনি মার্জিন ঋণ নিয়ে পদ্মা অয়েলের শেয়ার কিনেছিলেন। এক বছর ধরে তাঁকে নিয়মিত মার্জিন ঋণের সুদ গুনতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন পুনরায় চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তাঁরা।এ ব্যাপারে পদ্মা অয়েলের কোম্পানি-সচিব মহিউদ্দিন আহমদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘পদ্মা অয়েলের লেনদেন চালুর ব্যাপারে আমরা বারবার এসইসিকে অনুরোধ করেছি। এসইসির পক্ষ থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত এলে লেনদেন পুনরায় চালু করতে কোনো সমস্যা থাকবে না।’ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে একাধিকবার লভ্যাংশ ঘোষণার ব্যাপারে তিনি বলেন, ‘এটা হয়তো ভুল ছিল। সুতরাং এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব।’ তবে প্রতিষ্ঠানটির লেনদেন চালুর ব্যাপারে হাইকোর্টের অধীনে কোম্পানি বেঞ্চে আবেদন করা হবে বলেও জানান তিনি।এ ব্যাপারে ডিএসইর নবনির্বাচিত সভাপতি মো. রকিবুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘পদ্মা অয়েলের লেনদেন বন্ধের বিষয়টি আমি জানি। আমাদের একটু সময় দেন। পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’ডিএই সূত্রে জানা যায়, পদ্মা অয়েলের পরিশোধিত মূলধন ২৯ কোটি ৪০ লাখ টাকা। জ্বালানি খাতের এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা এবং প্রতি ১০০ শেয়ারে একটি শেয়ারগুচ্ছ বা মার্কেট লট। এই প্রতিষ্ঠানের ৫০.৩৫ শতাংশ শেয়ার সরকারের হাতে রয়েছে। এ ছাড়া ৩১ দশমিক ৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং বাকি ১৮ দশমিক ৩১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত বছরের ৩০ মার্চ লেনদেন বন্ধ হওয়ার আগে সর্বশেষ প্রতিটি শেয়ারের দাম ছিল ৭৩৩ দশমিক ২০ টাকা।