লেনদেন বাড়ল দুই বাজারে
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। তবে সূচক সামান্য বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারেই।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৪১৬৪.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে সাধারণ মূল্যসূচক ও ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট করে বেড়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সব কটি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে। তবে শেষ পর্যন্ত সূচক সামান্য বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০০৮ পয়েন্টে।আজ ডিএসইতে মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৩টির দাম কমেছে; বেড়েছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি। অন্যদিকে, সিএসইতে আজ ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১১৯টির দাম কমেছে; বেড়েছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে প্রায় ৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, ইউনিক হোটেল, এনবিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, স্কয়ার ফার্মা ও সামিট পাওয়ার।