লেনদেন বাড়লেও অস্থিরতা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেনের পরিমাণ প্রায় ৫১ শতাংশ বেড়েছে। সপ্তাহটিতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৭৩ কোটি টাকার। আগের সপ্তাহের চেয়ে এটি ৬৯৭ কোটি টাকা বেশি। তুলনামূলক বিচারে আগের সপ্তাহের চেয়ে লেনদেনের পরিমাণ বাড়লেও সামগ্রিক অর্থে গত সপ্তাহের বাজার ছিল বেশ অস্থিতিশীল। নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়ে শেষও হয়েছে দরপতন দিয়ে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে হতাশার জন্ম দিয়েছে।বাজারসংশ্লিষ্টদের মতে, আগের সপ্তাহের শেষ দিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন অ্যাসোসিশেন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পুঁজিবাজারে বিনিয়োগসংক্রান্ত প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাজার কিছুটা বেড়েছিল।এসব প্রতিশ্রুতির পর ব্যক্তিপর্যায়ের কিছু বড় বিনিয়োগকারী বাজারে নতুন করে পুঁজি বিনিয়োগ করেন। তাই গত সপ্তাহের প্রথম দুই দিন লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। কিন্তু প্রত্যাশা অনুযায়ী, ব্যাংকগুলো সক্রিয় না হওয়ায় লেনদেনের গতি ধীর হয়ে আসে। আবার একই সময়ে পুঁজিবাজার নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্বেগের খবর লেনদেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বাজারসংশ্লিষ্টরা বলেন, বাজারে তারল্য সংকটের চেয়েও বড় হয়ে উঠেছে আস্থার সংকট। নীতিনির্ধারণী মহলের দায়িত্বহীন মন্তব্য ও বিভিন্ন পক্ষ প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করায় এ সংকট প্রকটতর হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও উদ্যোক্তাদের প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত করে একটি ব্যাংকের শীর্ষপর্যায়ের কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলোর বিনিয়োগের সক্ষমতা থাকলে আইনি সীমার মধ্যে থেকে করতেই পারে। সে জন্য তো এত হইচই করার কিছু নেই।’ একইভাবে ব্যাংক মালিকদের উদ্যোগে তহবিল গঠনের সমালোচনা করে তিনি বলেন, ‘তহবিলে ব্যাংকগুলো যে পরিমাণ টাকা দেবে, সেই টাকা দিয়ে ব্যাংকগুলো নিজেরা বিনিয়োগ করলেই ন্যূনতম হলেও চাহিদা সৃষ্টি করা সম্ভব ছিল। কিন্তু তা না করে তহবিল গঠনের মতো একটি দীর্ঘ প্রক্রিয়ায় যাওয়াটাকে বিনিয়োগকারীরা ভালোমতো গ্রহণ করেনি।’ আবার তহবিল ব্যবস্থাপনার জন্য নতুন করে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (এএমসি) গঠনের প্রস্তাব নিয়েও সমালোচনা শুরু হয়েছে। সমালোচকেরা বলছেন, বর্তমানে ১৫টি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি থাকতে একটি বিশেষ তহবিল ব্যবস্থাপনার জন্য পৃথক এএমসি দরকার নেই। আবার তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজেদের মালিকানায় এএমসি চলে গেলে তাতে স্বার্থের সংঘাত সৃষ্টি হবে। তারা আরও বলেন, যদি বিদ্যমান এএমসিগুলো তহবিলটি ব্যবস্থাপনার জন্য যোগ্য না হয়, তাহলে নতুন একটি এএমসি কীভাবে পাঁচ হাজার কোটি টাকার তহবিল ব্যবস্থাপনা করবে।বাজার পরিস্থিতিডিএসইর সাধারণ মূল্যসূচক গত সপ্তাহের শেষ দিন পর্যন্ত ২৩৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩০৯ পয়েন্টে নেমে এসেছে। সূচক কমার এ হার প্রায় সোয়া চার শতাংশের মতো। সপ্তাহের শুরুতে সূচক ছিল পাঁচ হাজার ৫৪৪ পয়েন্ট। সূচক এভাবে কমে যাওয়ায় সপ্তাহটিতে ডিএসইর মোট বাজার মূলধন কমেছে ছয় হাজার ৯০৪ কোটি টাকা বা দুই দশমিক ৫৬ শতাংশ।