লেনদেন বাড়লেও ডিএসইতে হঠাৎ পতন
দেশের পুঁজিবাজারে আজ বুধবার বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ২২৪ পয়েন্ট কমেছে। তবে লেনদেন হয়েছে এক হাজার ৫১ কোটি টাকার, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩১ জুলাই এক হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা চলবে এমন সংবাদ ছড়িয়ে পড়বে বাজার নিম্নমুখী ধারা চলে আসে। তবে আজ বিকেলে প্রণোদনার চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে এসইসির। এখান থেকে ইতিবাচক ঘোষণা আসবে বলে মনে করেছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।আজ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের দিকে সূচক ১৯৫ পয়েন্ট বাড়ে। তবে প্রথম ঘণ্টার পর থেকে সূচক দ্রুত ওঠানামা করতে থাকে। একপর্যায়ে সোয়া একটার দিকে হঠাত্ সূচকের পতন শুরু হয়। এ ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকায় সূচক ২২৪ পয়েন্ট কমে যায়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২৪.৩০ পয়েন্ট কমে ৫,৩৭২.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪টির দাম বেড়েছে, কমেছে ২৩৩টির আর অপরিবর্তিত রয়েছে দুটির।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, গ্রামীণফোন, সোস্যাল ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস ও ফুওয়াং ফুডস।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৭৮.৮১ পয়েন্ট কমে ৯,৭৯১.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৯টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ১১৯ কোটি টাকার লেনদেন হয়েছে।