দেশের দুই স্টক এক্সচেঞ্জের গতকাল সোমবার লেনদেন বেড়েছে। যদিও দুই বাজারের সূচকের সামান্য পতন ঘটেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও সূচক কমেছে। দিনের শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭১ পয়েন্টে। আর এদিন লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৮৭ কোটি টাকা বেড়ে হয়েছে ৪২৮ কোটি টাকা। লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫৩টিরই দাম বেড়েছে, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত ছিল ৩১টির দাম।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক মাত্র ১ পয়েন্ট কমে দাড়িয়েছে ১২ হাজার ৫৫৩ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেড়ে হয়েছে ৩৪ কোটি টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২১৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৯৩টির দাম বেড়েছে এবং সমানসংখ্যক প্রতিষ্ঠানের দাম কমেছে।