লেনদেন বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে। পাশাপাশি গতকালের চেয়ে লেনদেনও বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে ৬৭৩ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭০২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা পৌনে ১২টার দিকে সূচক ৩৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টির দাম বেড়েছে, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২৬ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৫৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, রেনাটা, ইউসিবিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে ৪০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০১ পয়েন্টে।
সিএসইতে আজ ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৩টির দাম বেড়েছে, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।