লেনদেন বেড়েছে দুই বাজারে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক সামান্য কমেছে। তবে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে ৬৪৬ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৪৯ দশমিক ৮৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর কিছুটা বাড়তি প্রবণতায় লেনদেন চললেও দিন শেষে সামান্য কমে সূচক।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দাম বেড়েছে, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫০ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৫০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৭৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টিরই দাম কমেছে, বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৬ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে সিঙ্গার বিডি
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে সিঙ্গার বাংলাদেশ। আজ এই প্রতিষ্ঠানের ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, অ্যাপেক্স ফুটওয়্যার, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, গ্রামীণফোন, ব্রিটিশ-অ্যামেরিকান টোব্যাকো, বিএসসি, বিএসসিসিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।