লেনদেন বেড়েছে দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন।
দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর প্রভাব পড়েছে সূচকে। তবে আগের দিন বুধবারের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক এদিন শূন্য দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭৪৯ দশমিক ৮৬ পয়েন্টে।
এই বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। বদৌলতে ২০ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর কিছুটা বাড়তি প্রবণতায় লেনদেন চললেও দিন শেষে সামান্য কমে সূচক।
ডিএসইতে এদিন ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে গতকাল ৬৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৯৬ কোটি টাকার চেয়ে ২৫০ কোটি টাকা বেশি।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৫ পয়েন্ট কমে চার হাজার ৬৭২ পয়েন্টে নেমে আসে।
সিএসইতে এদিন ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১৪০টির, বেড়েছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে গতকাল ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৬ কোটি টাকার চেয়ে ১৪ কোটি টাকা বেশি।