লেনদেন বেড়েছে দুই বাজারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্যসূচকের দুই রকম অবস্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সূচক সামান্য বেড়েছে। তবে দিন শেষে সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।সূচকের ভিন্ন অবস্থান থাকলেও দুই বাজারেই লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে দুই বাজারেই মোট লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।ঢাকার বাজারে মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়েছিল। প্রথম ঘণ্টায় এই অবস্থা বজায় ছিল। এরপর সূচকের ওঠানামা শুরু হয়। তবে লেনদেনের শেষ ঘণ্টার নিম্নগতি সূচককে পতনের ধারায় নিয়ে যায়। অবশ্য সমন্বয়ের পর ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২০৯ পয়েন্টে।খোঁজ নিয়ে জানা যায়, দুপুরের পর দরপতন শুরু হলে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জোর তদারক শুরু করে। টেলিফোনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।এদিকে গতকাল ডিএসইতে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিন শেষে ঢাকার বাজারে প্রায় ২৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে গতকাল দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪৩ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিন শেষে সিএসইতে প্রায় ৩২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।নয় দিন ছুটি: এদিকে সাপ্তাহিক ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে নয় দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার থেকে এই ছুটি শুরু হবে। ডিএসই সূত্র জানিয়েছে, ১৩ নভেম্বর রোববার শেয়ারবাজারে আবার স্বাভাবিক লেনদেন চালু হবে।ডিএসইতে জার্মান চেম্বার: গতকাল বুধবার বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধিদল ডিএসই পরিদর্শনে যায়। দলের নেতৃত্ব দেন সংগঠনটির নির্বাহী পরিচালক ডেনিয়েল সেইডল।এ সময় তিনি ডিএসইর সভাপতি শাকিল রিজভী, ঊর্ধ্বতন সহসভাপতি আহসানুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জহুরুল আলমসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় জার্মান চেম্বার নেতারা বাংলাদেশের স্টক এক্সচেঞ্জগুলোতে বিনিয়োগ বৃদ্ধি, কারিগরি সহায়তা, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।