লেনদেন বেড়েছে দুই বাজারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে বস্ত্র খাতের প্রাধান্য আরও বেড়েছে। সপ্তাহের এবং মাসের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৬ কোটি টাকা। এটি ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় সাড়ে ২৫ শতাংশ। ঢাকার বাজারে এদিন মোট লেনদেনের পরিমাণ ছিল ২৯৮ কোটি টাকা। এটি আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা বেড়েছে।এদিকে হরতালের মধ্যে গতকাল ডিএসইতে স্বাভাবিক লেনদেন হয়েছে। জানা গেছে, লেনদেন শুরুর ১৫ মিনিট আগে সকাল সোয়া ১০টায় ডিএসইর সদস্যভুক্ত ২১৬টি ব্রোকারেজ হাউস লেনদেনযন্ত্রে লগইন করে। এর ফলে স্বাভাবিক লেনদেন সচল রাখতে ডিএসই কর্তৃপক্ষের কোনো ধরনের অসুবিধা হয়নি। ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষস্থানটি দখল করে নিয়েছে নতুন তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স। গতকালই শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়। প্রথম দিনেই কোম্পানিটির প্রায় ২৭ কোটি টাকার লেনদেন হয়। জানা গেছে, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে শেয়ার বিক্রি করেছে। কোম্পানিটির শেয়ারের প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে ছিল ৫০০ শেয়ার। সেই হিসাবে যেসব বিনিয়োগকারী আইপিওতে কোম্পানিটির শেয়ার বরাদ্দ পেয়েছেন, তাঁদের প্রতি লট শেয়ারের জন্য খরচ করতে হয়েছে পাঁচ হাজার টাকা। আর গতকাল ১০০ টাকা দিয়েই ডিএসইতে কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম কমে দাঁড়ায় ৮২ টাকায়। আইপিও শেয়ারধারীদের মধ্যে এদিন যাঁরা শেয়ার বিক্রি করেছেন, তাঁরা প্রতি গুচ্ছে সর্বনিম্ন ৩৬ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত মুনাফা করেছেন। এই মুনাফা বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে।বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, আগের দিনের মতো গতকাল লেনদেনে একক কর্তৃত্ব ছিল বস্ত্র খাতের। গত বুধবার ডিএসইর মোট লেনদেনের প্রায় ২০ শতাংশ ছিল এ খাতের। গতকাল সেটি আরও পাঁচ শতাংশ বেড়েছে। এ ছাড়া এদিন খাতভিত্তিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকিং খাত। দিন শেষে ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১১ শতাংশজুড়ে ছিল এ খাত। লেনদেনের দিক থেকে আগের দিনের চেয়ে পিছিয়ে পড়েছে ভ্রমণ ও অবকাশ খাত। আগের দিনের চেয়ে এ খাতের লেনদেন অর্ধেক কমে গেছে। এদিকে লেনদেনের শুরু থেকেই ঢাকার বাজারে মূল্যসূচকে কিছুটা উত্থান-পতন ঘটেছে। যদিও দিন শেষে সব কটি সূচক বেড়েছে। ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৩৬ পয়েন্টে। আর পুরোনো সাধারণ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৩১ পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার বাজারে ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭২টির আর অপরিবর্তিত ছিল ৩০টি শেয়ারের দাম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১২ হাজার ৯২১ পয়েন্টে অপরিবর্তিত ছিল। এদিন সিএসইতে ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত ছিল ২৪টি শেয়ারের দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।