লেনদেন বেড়েছে দুই বাজারেই
সারা দিন ওঠানামার পর ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক বেড়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯২। এর আগে এক ঘণ্টা দেরিতে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। ১০ মিনিটে সূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টা ৫০ মিনিটে সূচক কমেছিল ১১ পয়েন্ট। বেলা দুইটায় সূচক বাড়ে ২৭ পয়েন্ট। এভাবেই ওঠানামা করে সূচক।আজ ডিএসইতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দাম বেড়েছে; কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯১ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানগুলো হলো: জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, তিতাস গ্যাস, যমুনা অয়েল, সায়হাম কটন, আরএন স্পিনিং, আমরা টেকনোলজিস ও বেক্সিমকো।অন্যদিকে, দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৩। সিএসইতে আজ ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টির দাম বেড়েছে; কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।