লেনদেন বেড়েছে সূচকও ঊর্ধ্বমুখী
দেশের শেয়ারবাজারে গতকাল সোমবারও লেনদেন ও মূল্যসূচক বেড়েছে। বাজারের এই ঊর্ধ্বগতির ক্ষেত্রে আগের দিনের ধারাবাহিকতা বজায় ছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল প্রায় ৪৬ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৮৯ পয়েন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ। একই সঙ্গে দুই বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে এত দিন ধরে যে আস্থার সংকট চলে আসছিল, তা একটু একটু করে কাটতে শুরু করেছে। আর তারই কিছুটা ইতিবাচক প্রভাব পড়ছে লেনদেন ও মূল্যসূচকে। আস্থার সংকট দূর করতে ডিএসইর নতুন নেতৃত্বকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত দুই দিনে বাজারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক—উভয় শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ আগের চেয়ে কিছুটা বেড়েছে, যা লেনদেনে কিছুটা প্রতিফলিত হয়েছে। যেসব বিনিয়োগকারী এত দিন বাজার পর্যবেক্ষণ করছিলেন, তাঁরাও বিনিয়োগে সক্রিয় হতে শুরু করেছেন। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিদিনের বাজার-সম্পর্কিত গবেষণা প্রতিবেদনেও বলা হয়েছে, ডিএসইর নতুন নেতৃত্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছে, তারই ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাচ্ছে। গত সপ্তাহ থেকে বাজারে যে ইতিবাচক ধারার সূচনা হয়েছে, তা অব্যাহত রয়েছে। ওই প্রতিবেদনে গতকালের বাজারচিত্র সম্পর্কে বলা হয়েছে, দিনের শুরুতে বাজারে মুনাফা তুলে নেওয়ার চাপ ছিল। এ ছাড়া সামগ্রিকভাবে বাজারের মনোভাব বা অবস্থা বেশ ইতিবাচকই ছিল। দিনের শুরুতে সূচকের উত্থান-পতন থাকলেও লেনদেনের শেষ ঘণ্টার উত্থানে সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসইর সাধারণ সূচক গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৭২ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ২০টির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৮৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি টাকা বেশি। শুধু তা-ই নয়, গতকালের এই লেনদেন ছিল চলতি মাসের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সর্বশেষ ডিএসইতে প্রায় ৫৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর চলতি মাসে দুই দিন লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছিল। এদিকে চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৫৫২ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল ১৮টির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে প্রায় ৫৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি।