লেনদেন বেড়েছে সূচকও ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের মূল্য সংশোধনের পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ দশমিক ৬৪ শতাংশ বা ৬৯ পয়েন্ট বেড়েছে। সাধারণ সূচক বেড়েছে ২ দশমিক ৮৮ শতাংশ বা ১৩৩ পয়েন্ট।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন ১ দশমিক ৩৯ শতাংশ বা ১৮৩ পয়েন্ট বেড়েছে।মার্চেন্ট ব্যাংক কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে সূচকের এমন উত্থানে বড় ভূমিকা ছিল গ্রামীণফোনের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম পৌনে ৯ শতাংশ বা সাড়ে ১৮ টাকা বেড়ে হয়েছে ২৩০ টাকা। এর ফলে ডিএসইর সূচক বেড়েছে প্রায় ১ দশমিক ২৩ শতাংশ। গ্রামীণফোন ছাড়া সূচক বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে আইসিবি, বিএটিবিসি, পদ্মা অয়েল, তিতাস গ্যাস, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম। এই ছয় কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির কারণে সম্মিলিতভাবে সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ।এদিকে ঢাকার বাজারে লেনদেনে ধারাবাহিক আধিপত্য ধরে রেখেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের লেনদেন হওয়া ১৪ কোম্পানির মধ্যে ১৩টিরই দাম বেড়েছে। দিন শেষে এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ১০ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা টেলিকম খাতের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারের দামই গতকাল বেড়েছে। দিন শেষে কোম্পানি দুটির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৩৩ কোটি টাকা, যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ।একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষস্থানে ছিল গ্রামীণফোন। এদিন কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৯ কোটি টাকা, যা ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় পৌনে ১১ শতাংশ।সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধরনের উত্থান ঘটেছে। সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৩২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৫০ কোটি টাকা বেশি। লেনদেনের তিন ঘণ্টার মধ্যে প্রথম আড়াই ঘণ্টা সূচক বৃদ্ধিতে কিছুটা ধীর গতি ছিল। কিন্তু শেষ ৩০ মিনিটে সূচক ও শেয়ারের দরবৃদ্ধিতে বেশ গতি চোখে পড়েছে। আর এই সময়ের মধ্যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিচারের রায় ঘোষণা করা হয়।ডিএসইতে গতকাল ২৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৫টিরই দাম বেড়েছে, কমেছে ৮৮টির, আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে হয়েছে চার হাজার ২৭৫ পয়েন্ট। সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৩৬ পয়েন্টে।চট্টগ্রামের বাজারে সোমবার ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৯টিরই দাম কমেছে, বেড়েছে ৮৯টির, আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। দিন শেষে সার্বিক সূচক বেড়ে হয়েছে ১৩ হাজার ২৮৮ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি।