লেনদেন ব্যাপকভাবে কমে গেল, মূল্যসূচকেও পতন
ইংরেজি নতুন বছরেও দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। বছরের দ্বিতীয় কার্যদিবসে গতকাল বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে দরপতন ঘটেছে। পাশাপাশি আশঙ্কাজনকভাবে লেনদেন কমে গেছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন গত প্রায় ছয় মাসের ব্যবধানে আবারও সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২১ কোটি টাকা। গত ৮ জুলাইয়ের পর এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। সর্বশেষ ৮ জুলাই ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১৬ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের পরিমাণ কমে নেমে এসেছে ১৬ কোটি টাকায়। বাজারে লেনদেন কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বাজারের নিয়মিত বিনিয়োগকারীরা সক্রিয় না থাকায় লেনদেন কমে গেছে। জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘বাজার এখন নির্দেশনাহীনভাবে চলছে। তালিকাভুক্ত অনেক কোম্পানিরই শেয়ারের ক্রেতা নেই। বাজার কোন দিকে যাবে, তার সঠিক কোনো ধারণা কেউই পাচ্ছেন না। এ অবস্থায় সামর্থ্যবান বিনিয়োগকারীরাও বিনিয়োগে আসছেন না। তাই লেনদেন কমে গেছে।’ মাশরিব জাহিদ আরও বলেন, সাধারণত বছরের এ সময়টাতে ব্যাংকিং খাতের শেয়ারের ওপর ভর করে বাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। কিন্তু এ বছর এখনো তেমনটি দেখা যাচ্ছে না। বিভিন্ন সূত্রে জানা গেছে, কোনো কোনো ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে। তা সত্ত্বেও ব্যাংকগুলোর লভ্যাংশ বিতরণের সক্ষমতা আগের চেয়ে বাড়বে কি না, তার কোনো ধারণা কেউ পাচ্ছেন না। ফলে এ খাতের শেয়ারের দামে তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না।ঢাকার বাজারে সাধারণ মূল্যসূচক গতকাল ১ দশমিক ২৪ শতাংশ বা ৫২ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ১৩৯ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯২টিরই দাম কমেছে, বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম। দিনশেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের চেয়ে প্রায় ৩২ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১ শতাংশ বা ১৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭১ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টিরই দাম কমেছে, বেড়েছে ২১টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিনশেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা কম।