লেনদেন ভারসাম্যে চাপ কমাতে ভারত থেকে ঋণ মিলবে
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো দেশ লেনদেন ভারসাম্যে (বিওপি) বড় চাপের মুখে পড়লে তাদের জন্য ঋণসুবিধার ব্যবস্থা হয়েছে। ভারত সরকার সোয়াপ অ্যারেজমেন্টের আওতায় এই ঋণসুবিধা দেবে।এ জন্য ভারত ২০০ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে বাংলাদেশ ৪০ কোটি ডলার পর্যন্ত প্রয়োজনে ঋণসুবিধা নিতে পারবে। সম্প্রতি নেপালে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল রোববার গণমাধ্যমকে এসব তথ্য জানান। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সার্কভুক্ত দেশের অর্থমন্ত্রীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি প্রথম আলোচনায় আসে।গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এ তথ্য জানান। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক পরামর্শক আল্লাহ মালিক কাজেমী, গভর্নরের অর্থনৈতিক উপদেষ্টা হাসান জামান প্রমুখ। এ সময় ইআরএফের সভাপতি খাজা মঈনুদ্দীন, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।