লেনদেন ভারসাম্যের ব্যাখ্যাহীন ভুলে অর্থ পাচারের চিত্র মেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানি বাণিজ্যের তথ্য-উপাত্তের গরমিলের কারণে লেনদেনের ভারসাম্যে কিছু ব্যাখ্যাহীন ভুল থাকে। এই ভুলের মধ্যে দেশ থেকে কী পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে তার কিছু প্রতিফলন দেখা যায়। গতকাল সোমবার রাজধানীতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। তিনি আরও জানান, হুন্ডির মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে আরও অর্থ বিদেশে চলে যাচ্ছে। পরিসংখ্যান উন্নয়নে জাতীয় কৌশলের খসড়ার ওপর এ কর্মশালার আয়োজন করে বিবিএস। আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আইনের ফাঁকফোকর দিয়ে অর্থ পাচার ধরা যাচ্ছে না। কী পরিমাণ অর্থ পাচার হচ্ছে তা জানাতে না পারলে এটা রোধ করা সম্ভব হবে না। তাই তিনি আমদানি-রপ্তানি বাণিজ্য ও বিদেশে অন্যান্য অর্থ স্থানান্তর প্রক্রিয়ায় আরও নজরদারি বাড়ানোর তাগিদ দেন। এ ছাড়া পরিসংখ্যানগত তথ্যের মান বৃদ্ধি, এর গ্রহণযোগ্যতা বাড়ানো এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে আরও সমন্বয়ের তাগিদ দেন তিনি। তথ্য সংগ্রহ ও প্রকাশে সময়ক্ষেপণের কথা উল্লেখ করে ত্রৈমাসিক ভিত্তিতে প্রবৃদ্ধির হিসাব তৈরি করার তাগিদ দেন তিনি। কর্মশালায় বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীম ও বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ সালমান জায়িদী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন।