গতকালের ধারাবাহিকতায় আজ সোমবারও দেশের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি সূচকও কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়, যা প্রায় ঘণ্টাখানেকের মতো অব্যাহত ছিল। এরপর থেকে সূচক নিম্নমুখী হয়। এমনকি শেষ পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বাজারের এ অবস্থাকে স্বাভাবিক হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, শেয়ারবাজারে উত্থান-পতনই স্বাভাবিক নিয়ম। এর মধ্যে বিনিয়োগকারীকে ঠিক করে নিতে হবে তিনি কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন। তবে খুব বেশি উত্থান-পতন বাজারের জন্য ক্ষতিকর বলে মত দিয়েছেন তাঁরা। এ ছাড়া লেনদেন বাড়ার বিষয়টিও ইতিবাচক হিসেবে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৪,১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় ডিএসইতে সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী অবস্থান থাকলেও এরপর গতকালের অবস্থানের নিচে নামতে শুরু করে সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩০টিরই দাম কমেছে, বেড়েছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২২৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, আরএন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, জাহিন টেক্স, সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও ইউনাইটেড এয়ার।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০০ পয়েন্ট কমে ১২,০৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ১৭০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৮টিরই দাম কমেছে, বেড়েছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সামান্য কম।