লেনদেন সফটওয়্যারে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের নতুন সফটওয়্যার এমএসএ প্লাসের কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়। গত রোববার বিএসইসির পক্ষ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। বিএসইসি-সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, সংস্থাটির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন বিএসইসির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম ও পরিচালক শেখ মাহবুবুর রহমান। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত জুন মাসে লেনদেনের নতুন সফটওয়্যার এমএসএ প্লাস চালু করে ডিএসই। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে কেনা এই সফটওয়্যারটি চালু করতে প্রত্যেক ব্রোকারেজ হাউসের গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়। কিন্তু চালুর পর থেকেই সফটওয়্যারটিতে বারবার নানা কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। এতে করে ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে গত ডিসেম্বরে লেনদেন শুরুতে বিলম্বের ঘটনা ঘটে। এর আগে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে ডিএসইর পক্ষ থেকেও একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। তবে সেই কমিটি এখনো তাদের প্রতিবেদন জমা দেয়নি।