লেনদেন সামান্য বেড়েছে দুই বাজারেই দরপতন
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্যসূচকের পতন দিয়েই লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক দিনের শেষে প্রায় ১৩ পয়েন্ট কমেছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৩৩ পয়েন্ট। মূল্যসূচক কমলেও দুই বাজারে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিএসইর নতুন নেতৃত্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে, সংস্থাটির নতুন নেতৃত্বের ওপরই বাজারের আগামী দিনগুলোর গতি-প্রকৃতি অনেকাংশে নির্ভরশীল। আর তাই অনেকে নতুন করে বিনিয়োগে সিদ্ধান্ত নিচ্ছেন না। কেউ কেউ বলছেন, বাজারবান্ধব একজনকে ডিএসইর সভাপতি হিসেবে দেখতে চান বিনিয়োগকারী ও কারবারিরা, যিনি ডিএসইর পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায়ও তৎপর থাকবেন।জানা গেছে, আজ বৃহস্পতিবার ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এদিনই নির্বাচিত হবেন ডিএসইর নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি। ডিএসইর নতুন সভাপতি হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে, যাঁদের মধ্যে দুজন এর আগে সংস্থাটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।বাজারের চিত্র: মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৬০ পয়েন্টে ওঠে। সেটিই ছিল গতকাল ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এর পর থেকে মূল্যসূচকের ওঠানামা শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। বুধবার ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ৮৬ পয়েন্ট। বাজারের চিত্র সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারের বিনিয়োগের চিত্রে আগের দিনের তুলনায় বড় ধরনের কোনো পরিবর্তন ছিল না। ওঠানামা থাকায় বিনিয়োগকারীদের সঠিক ধারণা পাওয়ার ক্ষেত্রে তা বিভ্রান্তি তৈরি করে। প্রথম ঘণ্টার চেয়ে দ্বিতীয় ঘণ্টায় বিনিয়োগকারীরা বাজারে অনেক বেশি সক্রিয় ছিলেন।আইডিএলসির প্রতিবেদন অনুযায়ী, গতকালের বাজারে সূচকের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে টেলিকম ও জীবন বিমা খাত। পাশাপাশি নেতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বিদ্যুৎ-জ্বালানি, ব্যাংক, প্রকৌশল ও ওষুধ খাতের কোম্পানিগুলো।ঢাকার বাজারে গতকাল ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। দিনের শেষে ডিএসইতে প্রায় ৩২১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেশি। এদিন লেনদেনের শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫১১ পয়েন্ট।সিএসইর সার্বিক মূল্যসূচক বুধবার দিনের শেষে কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৭৪ পয়েন্ট। এদিন চট্টগ্রামের বাজারে ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিনের শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা প্রায় আগের দিনের সমান।