লেনদেন সারতে ব্যাংকে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকছে। তারপর টানা তিন দিন ঈদের ছুটি। ছুটি শুরুর আগে গতকাল বুধবার ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বেলা দুইটার পর মতিঝিলে এক বাণিজ্যিক ব্যাংকের একটি শাখার কলাপসিবল গেটের ভেতরে দেখা গেল, প্রায় ৫০ জন গ্রাহক লাইনে দাঁড়িয়ে আছেন। আবার দিলকুশায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিচে দুই দিকে মুখ করে সারি বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বেশ কয়েকজন গ্রাহককে। তাঁরা এটিএম (অটোমেটেড টেইলার মেশিন) বুথ থেকে টাকা তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন।ঈদের উৎসবে আপনজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ইতিমধ্যেই ঢাকার লাখ লাখ মানুষ গ্রামমুখী হয়েছে। আনন্দ উৎসবে প্রিয়জনদের উপহার দিতে কেনাকাটার ধুম চলছে রাজধানীসহ সারা দেশের ছোট-বড় সব ধরনের বাজারে। ঢাকা শহরে তীব্র যানজট নৈমিত্তিক ব্যাপার। তার মধ্যে ঈদের উৎসবে মানুষের মধ্যে ব্যতিব্যস্ততা তৈরি করেছে। এসব সত্ত্বেও অনেক গ্রাহককে গতকাল ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে দীর্ঘ সময় কাটাতে হয়েছে।গত কয়েক বছরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যথেষ্ট পরিমাণ এমনকি কোনো কোনো ব্যাংকে বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। তাই এবার ঈদ সামনে রেখে গ্রাহকদের অধিক অর্থ ওঠানোর পরও বেশির ভাগ ব্যাংকের নগদ অর্থের জোগানে টান পড়েনি। ফলে মুদ্রাবাজারে নগদ অর্থের সুদে কারবারে মন্দা চলছে। স্বল্পসময়ের জন্য ধার করা এই অর্থের সুদের হার (কলমানি রেট) গতকাল সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ওঠে। আগের লেনদেন দিবস (মঙ্গলবার পবিত্র শবে কদর উপলক্ষে বন্ধ ছিল ব্যাংকগুলো) অর্থাৎ গত সোমবার কলমানির সুদের হার উঠেছিল সাড়ে ১২ শতাংশ পর্যন্ত। অবশ্য এরপরও কোনো কোনো ব্যাংকের শাখায় হঠাৎ নগদ টাকা ফুরিয়ে যাওয়ায় গ্রাহকদের অপেক্ষা করতে হয়েছে আরেক শাখা থেকে অর্থ আসার আগ পর্যন্ত। মতিঝিলে দ্বিতীয় প্রজন্মের একটি ব্যাংকের এক শাখায় নগদ অর্থ ফুরিয়ে গেলে গ্রাহকদের সামাল দিতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের কম্পিউটার সিস্টেমে সমস্যা হয়েছে বলে ঘণ্টাখানেক গ্রাহকদের আটকে রাখে।আবার কোনো কোনো এটিএম বুথেও একপর্যায়ে টাকা ফুরিয়ে গেলে গ্রাহকদের বিপাকে পড়তে দেখা যায়।এদিকে গতকাল গ্রাহকদের বাড়তি টাকা উত্তোলনের চাপ সামলাতে ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকে তাদের ট্রেজারি বিল জমা রেখে রেপোতে (পুনরায় ক্রয় চুক্তি) দুই হাজার ৯৯১ কোটি ৫০ লাখ টাকা ধার নিয়েছে। এই রেপোর মেয়াদ এক থেকে সাত দিন পর্যন্ত। এ ছাড়া প্রাইমারি ডিলারের মাধ্যমে ১৫০ কোটি টাকা নগদে মুদ্রাবাজারে তারল্য-সহায়তা হিসেবে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।একটি ব্যাংকের মতিঝিল শাখা থেকে বেরিয়ে এসে গ্রাহক শরিফুল ইসলাম জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে টাকা তুলতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। গতকাল সকাল থেকেই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় গ্রাহকের লম্বা সারি ছিল। তবে বিশেষত, বড় শাখা ব্যাংকগুলোতেই ছিল অধিক ভিড়। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় স্থানীয় কার্যালয়ে ছিল বেশি ভিড়। এটি দেশের সবচেয়ে বড় শাখা ব্যাংক। একজন গ্রাহক জানান, মিরপুর থেকে এসে প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টাকা তুলেছেন তিনি। এখন ফিরে গিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন-বোনাস দেবেন। সোনালী ব্যাংকের এই শাখা থেকে বিভিন্ন শাখায় অর্থ পাঠানো ও সাধারণ উত্তোলন নিয়ে ১১০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে বলে জানান শাখার দায়িত্বশীল একজন উপমহাব্যবস্থাপক। স্বাভাবিক সময়ে এই শাখায় প্রতিদিন ৮০-৯০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়।শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রাহকের চাহিদা মেটাতে তাঁরা ব্যাংকিং সময় (বেলা আড়াইটা) শেষেও লেনদেন করেছেন। এদিকে গত কয়েক দিনের মতো গতকালও বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় দীর্ঘ সারিতে ভিড় করে গ্রাহকদের নতুন টাকার নোট সংগ্রহের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঈদে প্রিয়জন বিশেষত, শিশুদের হাতে নতুন টাকা তুলে দিতে গ্রাহকদের এই আগ্রহ। তবে এবার পর্যাপ্ত পরিমাণ নতুন টাকা সরবরাহ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছেও এবার বিপুল পরিমাণে নতুন টাকা সরবরাহ করা হয়েছে। আগের দিন শবে কদরের বন্ধের মধ্যে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখা থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন টাকার নোট সংগ্রহ করে।