লেনদেন স্থগিতের কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের শেয়ার লেনদেন কয়েক মিনিটের জন্য স্থগিত রেখে পরে তা প্রত্যাহার করে নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।সূত্র জানিয়েছে, ডিএসইর একটি তদন্ত দল কোম্পানিটির অধিকারমূলক বা রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে নানা অনিয়মের তথ্য উদ্ঘাটন করে। ডিএসইর এই তদন্ত প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হয়। যদিও ডিএসইর আগে এসইসি নিজেই বিষয়টি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।এ অবস্থায় ডিএসই তাদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়। অবশ্য কয়েক মিনিট পর সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। কারণ হিসেবে ডিএসইর পক্ষ থেকে ওয়েবসাইটে উল্লেখ করা হয়, তদন্ত প্রতিবেদনটি এসইসিতে জমা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানিটির লেনদেনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে গতকাল বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।যোগাযোগ করা হলে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও মোশাররফ এম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের তদন্তে কোম্পানিটির কিছু অনিয়মের তথ্য পাওয়া যায়। এরই ভিত্তিতে আমরা লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নিই। পরে এসইসির সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, বিষয়টি কমিশনের বিচারাধীন রয়েছে, যা আমাদের আগে জানা ছিল না। তাই বিষয়টি জানার পরই আমরা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিই।’এদিকে এসইসিতে দাখিলকৃত প্রতিবেদনে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি সাময়িকভাবে স্থগিত করার সুপারিশ করেছে ডিএসই কর্তৃপক্ষ।গতকাল ডিএসইর পক্ষ থেকে এসইসির কাছে এ সুপারিশ করা হয়। কোম্পানির অধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার নিয়ে অনিয়ম বা কেলেঙ্কারির ঘটনার তথ্য-প্রমাণ পাওয়ার পর এই সুপারিশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।