লেনদেন ২০০ কোটি টাকার নিচে নেমেছে
মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের শেয়ারবাজারে লেনদেনে আবারও বড় ধরনের পতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার দিন শেষে লেনদেন নেমে এসেছে ১৫০ কোটি টাকার নিচে। অথচ সোমবার ব্যাপক দরপতনের মধ্যেও ডিএসইতে ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল দিন শেষে লেনদেন নেমে এসেছে ২১ কোটি টাকায়। অথচ সোমবারও সেখানকার বাজারে প্রায় ৩২ কোটি টাকার লেনদেন হয়েছিল। নতুন অর্থবছরের দ্বিতীয় কার্যদিবসে এসে লেনদেনের এ মন্দাভাব দেখা দিয়েছে। দুই বাজার মিলিয়ে লেনদেন ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই বলছেন, লেনদেন কমে যাওয়া বাজারের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। কেননা, বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়াই লেনদেন কমার প্রধান কারণ। শেয়ারবাজারের প্রতিদিনের লেনদেনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একাধিক ব্রোকারেজ হাউস ও তাদের প্রতিনিধিরা বলছেন, লেনদেন কমার ক্ষেত্রে ডিএসইতে সম্প্রতি চালু হওয়া ‘এমএসএ প্লাস’ সফটওয়্যারও বড় ভূমিকা রাখছে। কারণ, এ সফটওয়্যারে শেয়ার কেনাবেচা করতে গিয়ে এখনো সাধারণ বিনিয়োগকারীদের নানা জটিলতায় পড়তে হচ্ছে। বিষয়টি সম্পর্কে ডিএসই কর্তৃপক্ষও অবগত। জানা গেছে, সফটওয়্যারের জটিলতা কমাতে ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তা ও অনুমোদিত প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তা ও বিনিয়োগকারী অভিযোগ করেছেন, যথাযথ প্রচারণা ছাড়াই নতুন সফটওয়্যার চালু করা হয়েছে। বিনিয়োগকারীদের লেনদেনের সুবিধার্থে এ সফটওয়্যার চালুর কথা ডিএসই বললেও বাস্তবে সাধারণ বিনিয়োগকারীদের এ সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণাই ছিল না। এদিকে লেনদেন কমার পাশাপাশি শেয়ারের দরপতনও চলছে বাজারে। দুই বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে প্রায় ৫৭ শতাংশের এবং সিএসইতে প্রায় ৬২ শতাংশেরই দাম কমেছে।মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর লেনদেনের বেশির ভাগ সময়জুড়েই চলে সূচকের ওঠা-নামা। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ২২ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় চার হাজার ৩৬১ পয়েন্টে। সোমবার ডিএসইতে এক দিনেই সাধারণ সূচক প্রায় ১৯০ পয়েন্ট কমেছিল। দিন শেষে ঢাকার বাজারে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৩ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এদিন ৬৬ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় ১৩ হাজার ২২১ পয়েন্টে। মঙ্গলবার সিএসইতে ১৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টিরই দাম কমেছে, বেড়েছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে প্রায় ২১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা কম।