দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও গতকালের চেয়ে লেনদেন বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৮.৪৯ পয়েন্ট বেড়ে ৫২৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটের মাথায় সূচক ৪২ পয়েন্ট বেড়ে যায়। সূচক বৃদ্ধির এই প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭টিরই দাম বেড়েছে। কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫০১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৬ কোটি টাকা বেশি। এর আগে গত ২৪ নভেম্বর ৫৩০ কোটি টাকা লেনদেন হয়েছিল।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড এয়ার, ফু ওয়াং ফুড, আফতাব অটো, সোস্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফু ওয়াং সিরামিকস, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ফু ওয়াং সিরামিকস, সিটি ব্যাংক ও পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০২.৯৯ পয়েন্ট বেড়ে ১৪৭৭৩.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৭টির, কমেছে ৩২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।