লেনদেন ৮০০ কোটি টাকা অতিক্রম করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ এক ঘণ্টার পতনে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারের মূল্যসূচক কমে গেছে। মূল্যসূচক কমলেও দুই বাজারে লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। সপ্তাহের শেষ কার্যদিবসে দুই বাজারে সম্মিলিতভাবে পৌনে ৯০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ঢাকার বাজারেই লেনদেন হয়েছে পৌনে ৮০০ কোটি টাকার বেশি।দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৭ পয়েন্ট কমেছে। যদিও লেনদেনের অধিকাংশ সময়জুড়ে মূল্যসূচকের ঊর্ধ্বগতি ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২১ পয়েন্ট। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মুনাফা তুলে নেওয়ার কারণেই দরপতন ঘটেছে। কয়েক দিন ধরে কিছু কোম্পানির শেয়ারের দাম বেশ বেড়েছে। এখন বিনিয়োগকারীরা এসব শেয়ার বিক্রি করে তাঁদের মুনাফা তুলে নিচ্ছেন। এটি বাজারের জন্য খুবই স্বাভাবিক আচরণ। সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, সূচক কমলেও লেনদেনের পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে খাতভিত্তিক শেয়ারের দামের উত্থান-পতন ঘটছে। এটি বাজারের জন্য ইতিবাচক। বাজার-পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, মুনাফা তুলে নেওয়া প্রবণতা বেশি থাকায় এদিন সূচক কমেছে। আর সূচক পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোন ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। সূচকের উত্থান-পতনে এই দুটি কোম্পানির বেশ প্রভাব রয়েছে। মাশরিব জাহিদ আরও বলেন, গত কিছুদিনে ইউনিক হোটেলের শেয়ারের দাম বেশ বেড়েছে। তাই এই পর্যায়ে কোম্পানিটির শেয়ারের দামের কিছুটা মূল্য সংশোধন হবে, এটাই স্বাভাবিক। আর গত রোববার থেকে গ্রামীণফোনের উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের ওপর থেকে বিক্রয় নিষেধাজ্ঞা (লকইন) উঠে গেছে। এ খবরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতা বেড়ে যায়। ডিএসইর সূত্র জানিয়েছে, গতকাল গ্রামীণফোনের দরপতনের কারণে মূল্যসূচক কমেছে প্রায় ১৮ পয়েন্ট। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম এক ঘণ্টার মধ্যে তা আগের দিনের চেয়ে প্রায় ১২৫ পয়েন্ট বেড়ে সাড়ে চার হাজার পয়েন্টের সীমা ছাড়িয়ে যায়। এরপর সূচক কিছুটা কমতে থাকলেও বেলা দুইটা পর্যন্ত তা ধনাত্মকই ছিল। এদিন ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ১৪০ পয়েন্টের। এদিন ঢাকার বাজারে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম কমে ১৪৭টি, বাড়ে ১১৬টির আর অপরিবর্তিত থাকে ১২টির শেয়ারের দাম। দিন শেষে সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৪৭ পয়েন্টে। এদিন ডিএসইতে প্রায় ৭৮৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৮২ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম কমে ১০২টি, বাড়ে ৯৫টির আর অপরিবর্তিত থাকে আটটির। এদিন সিএসইতে মোট লেনদেন হয় প্রায় ৯০ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়ায় ১৩ হাজার ৪১৬ পয়েন্টে।