লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে গতকাল মঙ্গলবারও ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ৭৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৭০ কোটি টাকা। ফলে দুই বাজারে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়াল।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দিনের টানা ঊর্ধ্বগতির ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়ছে। এর প্রতিফলন লেনদেনে দেখা যাচ্ছে। যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বাজারের আচরণ দেখে মনে হচ্ছে, প্রতিদিন একটু একটু করে বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে। যাঁরা এত দিন বাজার পর্যবেক্ষণে ছিলেন, তাঁরাও ধীরে ধীরে বাজারে সক্রিয় হচ্ছেন। বর্তমানে বাজারে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ বিরাজ করছে।’ হাফিজ আরও বলেন, যেসব বিনিয়োগকারী অস্থিরতা কাটিয়ে ধৈর্য ধরে বাজারে থাকতে পারবেন, তাঁরাই এই বাজার থেকে মুনাফা পাবেন। এটি আবারও প্রমাণিত হতে চলেছে। তাই পুঁজিবাজারে বিনিয়োগ করে হুজুগ বা গুজবের কারণে অস্থির হলেই বেশি ক্ষতির মুখে পড়তে হবে। বিনিয়োগকারীদেরও বুঝতে হবে, শেয়ারবাজার রাতারাতি বড়লোক হওয়ার জায়গা নয়, বাজার থেকে মুনাফা পেতে হলে জেনে-বুঝে, অস্থিরতা কাটিয়ে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হবে।মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তবে দিনের শুরুতে মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা অনেক বেশি থাকলেও দুপুরের পর মূল্য হ্রাস পাওয়া কোম্পানির সংখ্যা বাড়তে থাকে। দিন শেষে গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৩৯ পয়েন্টে।ঢাকার বাজারে মঙ্গলবার ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে প্রায় ৭৫২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৬১ কোটি টাকা বেশি। একই সঙ্গে এটি গত প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ৪ জানুয়ারি ডিএসইতে ৮০৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। লেনদেনের দিক থেকে গতকাল ঢাকার বাজারে শীর্ষ দশ কোম্পানির তালিকায় যথাক্রমে ছিল: বেক্সিমকো, তিতাস গ্যাস, গ্রামীণফোন, যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, মবিল যমুনা লুব্রিকেন্টস, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, কেয়া কসমেটিকস ও সামিট পাওয়ার।এদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ১৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০০ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৯২টির আর অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে এদিন প্রায় ৭১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা বেশি।