লেনদেনে আজও দরপতনের চিত্রই দেখা গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে লেনদেনে আজ সোমবারও গতকালের চিত্রই দেখা গেছে। গতকালের মতো আজও লেনদেনের শুরুতে সূচক বাড়তে থাকে, কিন্তু দিন শেষে কমে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের সঙ্গে কমেছে দেড় শতাধিক শেয়ারের দাম। গতকালের চেয়ে লেনদেনও কিছুটা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনভর ছিল একই চিত্র।আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ২৮.৭৬ পয়েন্ট কমে ৬,১১৮.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ মোট লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ৭১৫ কোটি টাকার, যা গত দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—মালেক স্পিনিং, আফতাব অটো, বেক্সিমকো, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস, ডেসকো, আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল, বেক্সটেক্স ও মেঘনা লাইফ ইনস্যুরেন্স।ডিএসইতে আজ সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর ছয় মিনিটের দিকে সূচক ৩২ পয়েন্ট বাড়ে। প্রথম আধঘণ্টার পর সূচক বাড়ার গতি ধীর হয়ে পড়ে। বেলা দুইটার পর থেকে সূচক ধীরে ধীরে কমতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ সিএসইতে দিনের লেনদেন শেষে সূচক ৪৬.৫৩ পয়েন্ট কমে ১১,৪১৮.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ৭৪ কোটি টাকার, যা গত দিনের চেয়ে দুই কোটি টাকা কম।