লেনদেনে আধিপত্য ব্যাংকিং খাতের
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সিংহভাগই দখল করে নিয়েছে ব্যাংকিং খাত। দুই দিন ধরে এ খাতের শেয়ারের মূল্যবৃদ্ধির ওপর ভর করে মূল্যসূচকও বেড়েছে।ডিএসইতে গতকাল বুধবার এ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩৪ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার ডিএসইতে ব্যাংক খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা ডিএসইর ওই দিনের মোট লেনদেনের ২৫ শতাংশ।ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে একটি বাদে সব কটিরই দাম বেড়েছে। এ খাতের মূল্যবৃদ্ধির ওপর ভর করে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় ১৫ পয়েন্ট। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৩ পয়েন্টে।কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ডিএসইর সূচক বৃদ্ধিতে প্রভাব বিস্তারকারী শীর্ষ ১০ প্রতিষ্ঠানের সবগুলোই ছিল ব্যাংক।ব্যাংকিং খাতের প্রাধান্য বিস্তারের এই দিনে তালিকাভুক্ত অন্যান্য খাতের কোম্পানিগুলোর দাম কমেছে। ঢাকার বাজারে ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টিরই দাম কমেছে, বেড়েছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ২৭টির দাম।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি ডিসেম্বর মাসেই বেশির ভাগ ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বছর শেষ হবে। তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে। তাই এসব কোম্পানির শেয়ারের দরপতন ঘটলে তা কোম্পানিগুলোর আয়ে প্রভাব ফেলবে। সেটি যাতে না হয় তার জন্য প্রতিষ্ঠানগুলো সচেষ্ট রয়েছে।খাতভিত্তিক লেনদেনের বাইরে একক কোম্পানি হিসেবে বুধবার ঢাকার বাজারে লেনদেনে এগিয়ে ছিল বস্ত্র খাতের নতুন তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল। এককভাবে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৭ শতাংশ।এদিকে আগের দিন মিউচুয়াল ফান্ডের দাম বাড়লেও গতকাল এ খাতের মূল্য সংশোধন হয়েছে। মঙ্গলবার বাজারে গুজব ছিল, মিউচুয়াল ফান্ডের সংশোধিত নীতিমালা নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। কিন্তু দিন শেষে সেই গুজবের কোনো সত্যতা মেলেনি। মিউচুয়াল ফান্ডের সংশোধিত খসড়া নীতিমালায় লভ্যাংশ হিসেবে বোনাস ইস্যুর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।সূচকের পাশাপাশি এদিন লেনদেনের পরিমাণও বেড়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪১৮ পয়েন্টে। সেখানকার বাজারে ১৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০১টির দাম কমেছে, বেড়েছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম।