লেনদেনে এগিয়ে সরকারি শেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলো। আর আগের সপ্তাহের ধারাবাহিকতায় এই সপ্তাহেও লেনদেনের শীর্ষে ছিল সরকারনিয়ন্ত্রিত কোম্পানিগুলো। ডিএসইর গত সপ্তাহের বাজার-তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। ডিএসইর তথ্যানুযায়ী, সপ্তাহ শেষে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সাতটিই ছিল বস্ত্র খাতের কোম্পানি। এগুলো হলো: মালেক স্পিনিং, ডেল্টা স্পিনার্স, তাল্লু স্পিনিং, সায়হাম টেক্সটাইল, মেট্রো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল ও সায়হাম কটন। আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে তিনটিই ছিল সরকারনিয়ন্ত্রিত কোম্পানি। এগুলো হলো: তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন কেব্লস ও যমুনা অয়েল। সপ্তাহ শেষে এই তিন কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৫৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। এর মধ্যে এককভাবে তিতাস গ্যাসের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪২ কোটি টাকা। আগের সপ্তাহেও লেনদেনে সরকারনিয়ন্ত্রিত কোম্পানিগুলো শীর্ষে ছিল। তখন লেনদেনের শীর্ষে থাকা সরকারি চার কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪৪ কোটি টাকা। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেব্লস ইতিমধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যগুলোর লভ্যাংশ ঘোষণা সামনে রয়েছে। সে জন্য ভালো লভ্যাংশ ও আয়ের আশায় অনেক বিনিয়োগকারী এসব কোম্পানির শেয়ার কেনার দিকে ঝুঁকছেন। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘সাধারণত লভ্যাংশ কিংবা অন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য থাকলে শেয়ারের দাম কিছুটা বাড়ে। এটা শেয়ারবাজারের স্বীকৃত ধারা। কিন্তু এ ধরনের তথ্য সামনে রেখে মূল্যবৃদ্ধির যে হার তা কতটা যৌক্তিক ও বাস্তবসম্মত সেটিই বড় বিষয়। আমাদের বাজারে মূল্য সংবেদনশীল তথ্যকে সামনে রেখে যে হারে শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটে তা অর্থনীতি ও বাস্তবতার সঙ্গে অনেক সময়ই সংগতিপূর্ণ নয়।’এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহ শেষে ঢাকার শেয়ারবাজারের সব কটি সূচকই বেড়েছে। সপ্তাহ শেষে ডিএসইর মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ৩৭ শতাংশ বা এক হাজার ৯৫ কোটি টাকা বেশি। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক ১০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৩২ পয়েন্টে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮৮টির দাম বেড়েছে, কমেছে ৭২টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম।