লেনদেনে গতি ফিরছে
দেশের শেয়ারবাজারে লেনদেনে আবারও ধীরে ধীরে গতি ফিরতে শুরু করেছে। গত সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক গড় লেনদেন বেড়ে হয়েছে প্রায় ৪৭৬ কোটি টাকা। এর আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ২৫৬ কোটি টাকা। এই ধারাবাহিকতায় গতকাল রোববার নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেন হয়েছে প্রায় ৬৯১ কোটি টাকা। চলতি বছরের ৪ জানুয়ারির পর এটিই এক দিনে সর্বোচ্চ লেনদেন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিএসইর নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর থেকে ধীরে ধীরে বাজারে লেনদেনের গতি বাড়তে শুরু করেছে। এটি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ারই বহিঃপ্রকাশ। একই সময়ে লেনদেনের পাশাপাশি মূল্যসূচকেরও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এরই মধ্যে ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৮০০ পয়েন্ট ছাড়িয়ে গেছে। যোগাযোগ করা হলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুলের অধ্যাপক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনের চিত্র দেখে মনে হচ্ছে, বাজার একটি ভালো অবস্থানের দিকে যাচ্ছে। প্রতিষ্ঠান বা ব্যক্তিশ্রেণীর যেসব বিনিয়োগকারী এত দিন বাজারবিমুখ ছিলেন, তাঁরা আবারও বাজারমুখী হচ্ছেন। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসটাও উল্লেখ করার মতো বেড়েছে। এর প্রধান কারণ হতে পারে ডিএসইর নতুন নেতৃত্বের ওপর ভরসা।’ মূসা আরও বলেন, টানা কয়েক দিন ধরে বাজার ঊর্ধ্বমুখী হলেও ব্যাংকিং খাতসহ মৌলভিত্তিসম্পন্ন অনেক কোম্পানির শেয়ারের দাম এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। তার বিপরীতে ছোট বা কম মৌলভিত্তির শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের উচিত তাঁদের বিনিয়োগকোষ কিছুটা পুনর্বিন্যাস করে নেওয়া, যেন ভবিষ্যতে সুফল পাওয়া যায়। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিদিনের বাজার গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিনের ঊর্ধ্বগতির ফলে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে চার হাজার ৮০০ পয়েন্টের মানসিক শক্তিস্তর অতিক্রম করেছে। বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের প্রতিফলন ছিল গতকালের বাজারে। আবার কেউ কেউ ঊর্ধ্বমুখী বাজার থেকে মুনাফাও তুলে নিয়েছেন। রোববার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৮৬৩ পয়েন্টে। গত প্রায় দুই মাসের ব্যবধানে এটিই সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৯ জানুয়ারি ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৯৪৬ পয়েন্টে ছিল।দিন শেষে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৪৮ কোটি টাকার বেশি লেনদেন হয়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৩০৩ পয়েন্ট বেড়ে আবারও ১৪ হাজার ১২৫ পয়েন্ট ছাড়িয়েছে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।