দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে। দৈনিক গড় লেনদেনের পরিমাণও আগের সপ্তাহের চেয়ে ১৭৭ কোটি টাকা বা প্রায় ২৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৯৫ কোটি টাকা। গত সপ্তাহ শেষে ডিএসইতে মোট লেনদেন হয় ৩ হাজার ৯৭৭ কোটি টাকার, যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৯১ কোটি টাকা। এ লেনদেন বৃদ্ধির পেছনে গত সপ্তাহে বড় ভূমিকা রেখেছে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার। গত বুধবার ডিএসইর ব্লক মার্কেটে এককভাবে কোম্পানিটির ৮২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ফলে ওই দিন ডিএসইর লেনদেন পৌঁছে যায় প্রায় দেড় হাজার কোটি টাকায়। খুলনা পাওয়ারের বুধবারের ওই লেনদেনের কারণে সপ্তাহ শেষে মোট লেনদেনেও আগের সপ্তাহের চেয়ে বড় একটি তফাত তৈরি হয়।
নিজস্ব প্রতিবেদক