লেনদেনে ধীর গতি ডিএসইতে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেনেও কিছুটা ধীর গতি লক্ষ করা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,২২৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯১টির দাম বেড়েছে, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৪ কোটি টাকা।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস, ডেল্টা স্পিনিং, আরগন ডেনিমস, ফ্যামিলি টেক্স, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, আরএন স্পিনিং প্রভৃতি।