লেনদেনে প্রাধান্য ছিল ব্যাংক খাতের
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাত। দিন শেষে এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি টাকা, যা ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। তালিকাভুক্ত ৩০ কোম্পানির মধ্যে এদিন ১৪টির দাম বেড়েছে, কমেছে ১২টি ব্যাংকের শেয়ারের দাম। আর অপরিবর্তিত ছিল চারটির দাম।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি এদিন মূল্যসূচকের পতন ঠেকিয়েছে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ও নতুন সূচক ডিএসইএক্স প্রায় অপরিবর্তিত ছিল।লেনদেনের ক্ষেত্রে হঠাৎ করে ব্যাংকিং খাতের শীর্ষে উঠে আসার বিষয়ে জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, এ খাতটি বেশ কিছুদিন ধরে অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। বেশির ভাগ শেয়ারের দামই সম্পদমূল্যের নিচে নেমে এসেছে। অনেকগুলো ব্যাংকের শেয়ার অভিহিত মূল্যের কাছাকাছি দামে লেনদেন হচ্ছে। এই অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা থেকে এ খাতে অবস্থান নিচ্ছে।মাশরিব জাহিদ আরও বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, বাজার যখনই ঘুরে দাঁড়াতে শুরু করে, তখন ব্যাংকিং খাতের ওপর ভর করে ঘুরে দাঁড়ায়। এ কারণেও কেউ কেউ এ খাতের প্রতি আকৃষ্ট হতে পারে।’গত শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বাজেট আলোচনায় দুই স্টক এক্সচেঞ্জ প্রাতিষ্ঠানিক কর হ্রাস ও তাদের বিনিয়োগ বাড়াতে বেশ কিছু প্রস্তাব করেছে। এসব প্রস্তাবের কারণেও গতকাল এ খাতের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বলে মত দেন এই মার্চেন্ট ব্যাংকার।