লেনদেনে প্রাধান্য জ্বালানি-বিদ্যুতের
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল বুধবার প্রাধান্য বিস্তার করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এদিন এই খাতের ১৪টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশ। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো এদিন খাতটিকে লেনদেনে এগিয়ে রেখেছে।কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ডিএসইতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর গড়ে ২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বাজারের সূচক বৃদ্ধিতেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। শুধু এ খাতটির জন্য দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়েছে।এদিকে বেশ কিছুদিন ধরে টানা দরপতনের পর মঙ্গলবার থেকে বাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। এরই ধারাবাহিকতায় গতকাল ডিএসইর সাধারণ সূচক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯২৫ পয়েন্টে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২৫ পয়েন্ট বা ১ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬৯ পয়েন্টে।সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে।