দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে প্রাধান্য বিস্তার করেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি। সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষ তিনটি কোম্পানিই ছিল নতুন তালিকাভুক্ত। সেগুলো হলো বেঙ্গল উইন্ডসর, ওরিয়ন ফার্মা ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার। এর মধ্যে বেঙ্গল উইন্ডসরের লেনদেন শুরু হয়েছে গত মঙ্গলবার। সেই হিসাবে মাত্র তিন কার্যদিবস লেনদেন হয়েছে কোম্পানিটির শেয়ার। আর তাতে শীর্ষ স্থানটি দখল করে নেয়।এদিকে গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে মোট লেনদেনের পাশাপাশি মূল্যসূচকও কমেছে। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। এর প্রধান কারণ, পয়লা বৈশাখের ছুটির জন্য গত সপ্তাহে এক দিন কম লেনদেন হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ঢাকার বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল ৮০০ কোটি টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৮০৭ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মোট লেনদেন সাত কোটি টাকা কমে গেছে। ডিএসইর দৈনিক গড় লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৪ শতাংশ বেড়ে আলোচ্য সপ্তাহে দাঁড়িয়েছে ২০০ কোটি টাকায়। অর্থাৎ লেনদেন পরিস্থিতির উন্নতি হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক ১৩ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৭০৭ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৫৭১ পয়েন্টে। গত সপ্তাহে তিন কার্যদিবসে নতুন কোম্পানি বেঙ্গল উইন্ডসরের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫২ কোটি টাকা। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২৫ টাকা দামে বিক্রি হওয়া কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ৫০ পয়সায়। এ ছাড়া লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা ও সামিট পূর্বাঞ্চল পাওয়ারের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৭ কোটি টাকা।