লেনদেনে প্রাধান্য ব্যাংক খাতের
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল মঙ্গলবার প্রাধান্য বিস্তার করেছে ব্যাংক এবং বিদ্যুৎ-জ্বালানি খাত। মূলত এ দুটি খাতের ওপর ভর করেই লেনদেন পরিচালিত হয়েছে। একদিকে বছর শেষের লভ্যাংশ ঘোষণা শুরু করেছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলো। অন্যদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক খাতের প্রকৃত মুনাফার সংবাদ প্রকাশিত হয়েছে দেশের একাধিক সংবাদমাধ্যমে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকৃত মুনাফার খবর ও লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে এ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারের দামে। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে মঙ্গলবার ৩০টি ব্যাংকের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫ কোটি টাকা। এটি ডিএসইর মোট লেনদেনের প্রায় ২২ শতাংশ। দিন শেষে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে ১ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। এর ফলে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩১ শতাংশ। ব্যাংকিং খাতের পরের অবস্থানেই ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের ১৪ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং খাতের শেয়ারের দামের ঊর্ধ্বগতির কারণেই মূলত গতকাল ডিএসইর সূচক ছিল ঊর্ধ্বমুখী। বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল সূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৭৭ পয়েন্টে। নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮৯৫ পয়েন্টে। এদিন ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৬৬ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি।ওরিয়ন ফার্মার লেনদেন শুরু আজ: দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ থেকে ওরিয়ন ফার্মার লেনদেন শুরু হচ্ছে। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে চার কোটি শেয়ার ছেড়ে ২৪০ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) সঙ্গে ৫০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য ছিল ৬০ টাকা। কোম্পানিটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ১০০টি শেয়ার। চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটি আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে।