দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কার্যদিবস লেনদেনে শীর্ষ স্থানটি ধরে রেখেছে বস্ত্র খাত। গত সোমবার থেকে এ খাতটি লেনদেনে শীর্ষ স্থান দখলে রেখেছে। আর এ খাতের লেনদেনে নেতৃত্ব দিচ্ছে আরএন স্পিনিং। গতকাল বুধবার ঢাকার বাজারে বস্ত্র খাতের ২৭ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশ। বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিনেও সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। এদিন ডিএসইর সাধারণ সূচক প্রায় দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৬৬১ পয়েন্টে। চলতি সপ্তাহের চার কার্যদিবস ধরে এই সূচকটি তিন হাজার ৬৬০ থেকে তিন হাজার ৬৬৭ পয়েন্টের মধ্যে ঘুরপাক খাচ্ছে। নতুন সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৫০৭ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৩১ পয়েন্টে। সূচকে নিম্নমুখী ধারা থাকলেও দুই বাজারেই গতকাল লেনদেন সামান্য বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতের ২২ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৬ শতাংশ। ঢাকার বাজারে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তিনটি ছিল এ খাতের কোম্পানি। সেগুলো হলো ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা। এ খাতের ২১ কোটি টাকার লেনদেনের মধ্যে এই তিন কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ২৬ লাখ টাকা। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, লেনদেনের শীর্ষে থাকা বস্ত্র খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় ছিল আনলিমা ইয়ার্ন, এইচআর টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, সাফকো স্পিনিং, আলহাজ টেক্সটাইল ও মিথুন নিটিং। এসব কোম্পানির প্রতিটি শেয়ারের দাম গতকাল একদিনে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। একদিনে এসব কোম্পানির এমন দরবৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি বাজারসংশ্লিষ্টরা। এ ছাড়া খাতভিত্তিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় ছিল বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও ম্যারিকো। গতকাল লেনদেনের শুরুতেই ম্যারিকোর লভ্যাংশের ঘোষণা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাতে কোম্পানিটি বছর শেষে অতিরিক্ত আরও ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ১০০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ফলে বছর শেষে কোম্পানিটি সর্বমোট ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এতে দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশ বা ১৫ টাকা। ঢাকার বাজারে ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৬টিরই দাম কমেছে, বেড়েছে ১১৪ টির আর অপরিবর্তিত ছিল ৩৬টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এদিন ১৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৩ টিরই দাম কমেছে, বেড়েছে ৫১টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।