লেনদেনে বস্ত্র খাতের প্রাধান্য চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবারও টানা দ্বিতীয় দিনের মতো লেনদেনে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বস্ত্র খাত। তবে এ খাতের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা কমেছে। বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। নিয়ম অনুযায়ী, ডিএসইর সদস্যদের মধ্যে ন্যূনতম ৭২টি ব্রোকারেজ হাউস নির্ধারিত সময়ের আগে লেনদেনযন্ত্রে লগইন করলে স্বাভাবিক লেনদেন কার্যক্রম শুরু হয়। গতকাল লেনদেন শুরুর আগে ২১৭টি ব্রোকারেজ হাউস লেনদেনযন্ত্রে লগইন করে বলে ডিএসই সংশ্লিষ্টরা জানান। ফলে লেনদেন সচল রাখতে সংস্থাটির কর্মকর্তাদের কোনো ধরনের অসুবিধায় পড়তে হয়নি। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল ডিএসইতে লেনদেনের নিম্নমুখী ধারা অব্যাহত ছিল। দিনশেষে এই বাজারের লেনদেন কমে দাঁড়িয়েছে ১২১ কোটি টাকায়। ১০ কার্যদিবসের ব্যবধানে এটি সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ ৭ এপ্রিল ডিএসইতে সর্বনিম্ন ১১৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, এদিন প্রধান শেয়ারবাজারে বস্ত্রখাতের ২৮ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৮ শতাংশ। এ খাতের লেনদেন বৃদ্ধির পেছনে বড় ভূমিকা ছিল আরএন স্পিনিংয়ের। বস্ত্র খাতের সম্মিলিত লেনদেনের মধ্যে কোম্পানিটির অংশ হচ্ছে ছয় কোটি টাকা। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইউনিভার্সিটির বিজনেস অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘গত বছর আরএন স্পিনিংয়ের অধিকারমূলক বা রাইট শেয়ার ইস্যুকে কেন্দ্র করে নানা অনিয়মের ঘটনা ঘটায়। যা কোম্পানিটির শেয়ারের দামে বেশ নেতিবাচক প্রভাব ফেলে।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সভা থেকে শেয়ারধারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। কেউ কেউ হয়তো নানাভাবে লভ্যাংশ-সংক্রান্ত আগাম খবরও জেনে গেছেন।’ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার আরএন স্পিনিংয়ের প্রতিটি শেয়ারের দাম সাত শতাংশের বেশি বেড়েছিল। আর গতকাল প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা কমেছে। এদিকে ঢাকার বাজারের সূচকে এদিন খুব বেশি হেরফের হয়নি। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক মাত্র দেড় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৬২ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের তিন হাজার ৫১৫ পয়েন্টেই অপরিবর্তিত থাকে।মঙ্গলবার ডিএসইতে ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৬৩ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিনশেষে এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম। চলতি মাসে এখন পর্যন্ত সিএসইতে এটিই হচ্ছে সর্বনিম্ন লেনদেন।