লেনদেনে বস্ত্র খাতের হঠাৎ প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাত। আরএন স্পিনিংয়ের কারণেই মূলত বস্ত্র খাতের এই উত্থান। গতকাল বুধবার ডিএসইতে লেনদেনের প্রায় ১৯ শতাংশ জুড়েই ছিল এ খাত। দিন শেষে এ খাতের ২৭টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬ কোটি টাকা। এর মধ্যে বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের একক লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি টাকা। সম্প্রতি আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার ইস্যুকে কেন্দ্র করে নানা অনিয়ম ও জালিয়াতির ঘটনায় ব্যবস্থা গ্রহণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনিয়মের কারণে বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ারের আকার কমিয়ে দিয়েছে। সেই সঙ্গে কোম্পানির পরিচালক ও সচিবকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পর থেকে আর এন স্পিনিংয়ের শেয়ারের দাম বাড়ছে। এর কারণ জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, কোম্পানিটিকে ঘিরে বাজারে একধরনের গুজব রয়েছে। বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ারের আকার কমিয়ে দেওয়ায় এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে যাবে—এমন প্রচারণা রয়েছে। এই ধরনের প্রচারণার কুারণে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। যার প্রভাব পড়ছে দামের ওপর। কিন্তু বিষয়টিকে যত সরলীকরণ করে ভাবা হচ্ছে, বাস্তবে সেটি না-ও হতে পারে। এর সঙ্গে আরও বেশ কিছু অন্তর্নিহিত বিষয় জড়িত। তাই আয় বাড়বে, এমন ধারণা থেকে বেরিয়ে বিনিয়োগকারীদের আরও গভীরভাবে বিষয়টি অনুধাবন করা উচিত। এদিকে, লেনদেনের মন্দাবাজারে কয়েকটি কোম্পানিকে ঘিরেই বড় ধরনের লেনদেন আবর্তিত হচ্ছে। এতে করে এসব কোম্পানিকে ঘিরে বাজারে নানা ধরনের গুজব বা প্রচারণা চলছে। এসব প্রচারণায় একটি পক্ষ লাভবান হলেও বেশির ভাগ ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।মাশরিব জাহিদ আরও বলেন, এখনো অনেক ক্ষেত্রে গুজব বা নানা ধরনের প্রচারণায় বিনিয়োগকারীরা প্রভাবিত হচ্ছেন এবং শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়ছেন।বাজার পর্যালোচনায় দেখা গেছে, বস্ত্র খাতের পর গতকাল লেনদেনে প্রাধান্য বিস্তার করেছে ভ্রমণ ও অবকাশ খাত। সেখানেও একটি মাত্র কোম্পানির ওপর ভর করে পুরো খাতটি লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল। এদিন এ খাতের দুটি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। আর এই খাতে একক প্রাধান্য বিস্তারকারী কোম্পানিটি ছিল ইউনাইটেড এয়ার। এ খাতের ২৪ কোটি টাকার লেনদেনের মধ্যে প্রায় ১৭ কোটি টাকাই ছিল ইউনাইটেড এয়ারের। খাতভিত্তিক লেনদেনের বাইরে একক কোম্পানি হিসেবে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল যথাক্রমে ইউনাইটেড এয়ার ও আরএন স্পিনিং।এদিকে, ঢাকার বাজারে লেনদেন পরিস্থিতি আগের দিনের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩৪ কোটি টাকা। আগের দিন লেনদেন নেমেছিল ১০৪ কোটি টাকায়, যা ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।