লেনদেনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধিপত্য ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে লেনদেনে আধিপত্য ধরে রেখেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। কয়েক দিন ধরে এ খাতের কোম্পানিগুলো লেনদেনে ধারাবাহিক আধিপত্য বিস্তার করছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার এ খাতের লেনদেনের পরিমাণ ছিল ১৭৩ কোটি টাকা। ঢাকার বাজারের মোট লেনদেনের ২০ শতাংশই ছিল এ খাতের। ডিএসইর তথ্য অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর মধ্যে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোই লেনদেনে বেশ এগিয়ে রয়েছে। এর কারণ হিসেবে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জুনে তালিকাভুক্ত বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানের হিসাব বছর শেষ হয়েছে। সামনে এসব কোম্পানি বছর শেষের লভ্যাংশ ঘোষণা করবে। এ কারণে এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে মত দেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে যেসব শেয়ারের দাম বাড়ছে, তার বেশির ভাগেরই হিসাববছর জুনে শেষ হয়েছে। সামনে কোম্পানিগুলোর লভ্যাংশের ঘোষণা আসবে। মাশরিব জাহিদ আরও বলেন, ভালো কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ তৈরি হয়েছে। এটি ইতিবাচক দিক। এদিকে সপ্তাহের প্রথম লেনদেন দিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জের বেশির ভাগ সূচক ঊর্ধ্বমুখী ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৭৮ পয়েন্টে। সাধারণ সূচক ১৬ পয়েন্ট বেড়ে হয়েছে চার হাজার ৫৫৯ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮৪ পয়েন্টে। সূচক বাড়লেও দুই বাজারে লেনদেন খানিকটা কমে গেছে। ডিএসইতে দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল ৮৫৮ কোটি টাকা। আগের দিনের চেয়ে এর পরিমাণ ৫৫ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম। ডিএসইর তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পর লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। দিনশেষে এ খাতের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৯ কোটি টাকা, যা বাজারের মোট লেনদেনের ১২ শতাংশ।