লেনদেনে বড় আর দাম বাড়ার শীর্ষে ছোট মূলধনের কোম্পানি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের চতুর্থ কর্মদিবসে প্রায় চার মাস পর লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়ায়। শুধু ওই এক দিন নয়, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ বেড়েছে দ্বিগুণের বেশি।গত সপ্তাহে ডিএসইতে মোট তিন হাজার ৩৮০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে এক হাজার ৮৯৭ কোটি টাকা বেশি। বৃদ্ধির এ হার ১২৮ শতাংশের মতো। সপ্তাহের বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় মূলধনের কোম্পানির অবদানই ছিল সবচেয়ে বেশি। এ ক্ষেত্রে বড় মূলধনের মাত্র ১০টি কোম্পানির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৬ শতাংশ। এ তালিকায় সবার ওপরে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এর পরই রয়েছে গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস ও লাফার্জ সুরমা সিমেন্ট।বাজারসংশ্লিষ্টরা জানান, সারা বছর ধরে যেসব কোম্পানির শেয়ার লেনদেনের শীর্ষে থাকে, সেই তালিকায় এসব কোম্পানির নাম ঘুরেফিরেই আসে। সে অর্থে লেনদেনের শীর্ষে তালিকায় ঠাঁই করে নেওয়া কোম্পানিগুলোর জন্য খুব একটা ব্যতিক্রম ঘটনা নয়। তার পরও এ ক্ষেত্রে সরকার ঘোষিত প্রণোদনার একটা ভূমিকা থাকা অস্বাভাবিক নয় বলে মনে করেন তাঁরা। কেননা, ঘোষিত প্রণোদনায় তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালক ছাড়া বাকিদের পরিচালক থাকতে কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।পর্যালোচনায় দেখা গেছে, লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে কমপক্ষে পাঁচটি কোম্পানির পরিচালকদের সম্মিলিত শেয়ারের পরিমাণ ৩০ শতাংশের কম। আবার অধিকাংশ কোম্পানিতে এমন অনেক পরিচালক রয়েছেন, যাঁরা ২ শতাংশের কম শেয়ার ধারণ করছেন। ফলে নিয়ন্ত্রক সংস্থার শর্ত মানতে হলে এসব কোম্পানির পরিচালকদের হয় বাজার থেকে অতিরিক্ত শেয়ার কিনতে হবে, নতুবা সাধারণ শেয়ারধারীদের মধ্যে যাঁরা বেশি শেয়ার ধারণ করছেন, তাঁদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে। শেয়ারের লেনদেন বাড়ার পেছনে এটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। তা ছাড়া এসব কোম্পানির বেশ কয়েকটির আয়ের তুলনায় দাম অনেক কমে গেছে। তাই আস্থা ফেরাতে সরকারি প্রণোদনা আসার খবরে বিনিয়োগকারীদের অনেকেই এসব কোম্পানির প্রতি বেশি করে ঝুঁকেছেন। দাম বাড়ার শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যেও একই বিষয়ের প্রভাব লক্ষ করা গেছে। তবে এ তালিকায় অপেক্ষাকৃত স্বল্প মূলধনের কোম্পানির আধিপত্য ছিল বেশি। এ তালিকায় সবার শীর্ষে রয়েছে ইনটেক অনলাইন লিমিটেড। গত এক সপ্তাহে কোম্পানির শেয়ারের দর ৫২ শতাংশের বেশি বেড়েছে। এরপর যথাক্রমে ছিল কে অ্যান্ড কিউ, বিডিকম অনলাইন, অগ্নি সিস্টেম, ফু-ওয়াং সিরামিকস, বিডি অটোকারস, মেট্রো স্পিনিং, বিডি ফাইন্যান্স, মিথুন নিটিং ও মুন্নু সিরামিকস। এসব কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন ২৭ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, এর মধ্যে সাতটি কোম্পানির পরিচালকদের কাছেই ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে। ইনটেক অনলাইন লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩ শতাংশের কম।বিশ্লেষকেরা বলেন, পরিচালকেরা শেয়ার কিনবেন—এ ধারণা থেকে বিনিয়োগকারীরা শেয়ারগুলোর প্রতি ঝুঁকছেন। কিন্তু পরিচালকদের কাছে বেশি শেয়ার থাকলেই কোম্পানির মৌল ভিত্তিতে কোনো পরিবর্তন হয় না। তাই কেবল শেয়ারের চাহিদা সৃষ্টি হবে—এ প্রত্যাশা থেকে শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক হওয়া উচিত।