দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার সম্মিলিতভাবে প্রায় এক হাজার ৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এটি চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৯ মার্চ সর্বশেষ দুই বাজারে সম্মিলিতভাবে প্রায় এক হাজার ১৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল এককভাবে প্রায় ৯৯১ কোটি টাকার লেনদেন হয়েছে। চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটি এক দিনের সর্বোচ্চ লেনদেন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল দিন শেষে প্রায় ৯২ কোটি টাকার লেনদেন হয়েছে।লেনদেনের পাশাপাশি দুই বাজারের মূল্যসূচক গতকালও ঊর্ধ্বমুখী ছিল। সোমবার দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ১৮৩ পয়েন্টে। সোমবার ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ১৭৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই মুহূর্তে শেয়ারবাজারে আবারও নতুন অর্থ বিনিয়োগ হতে শুরু করেছে। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উভয় শ্রেণীর বিনিয়োগকারীর দিক থেকে নতুন অর্থ বাজারে ঢুকছে। তাঁদের বেশির ভাগই এত দিন নিষ্ক্রিয় ছিলেন। বাজারে গতি ফিরে আসায় নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবারও সক্রিয় হচ্ছেন, যার ইতিবাচক প্রভাব পড়ছে লেনদেনে।সিএসইর সার্বিক মূল্যসূচক সোমবার আগের দিনের চেয়ে প্রায় ২৮৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। দিন শেষে সিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ২৩ কোটি টাকার বেশি লেনদেন হয়। ন্যূনতম শেয়ার ধারণের সময়সীমা বাড়বে না: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত ও এককভাবে ন্যূনতম শেয়ার ধারণের ক্ষেত্রে বেঁধে দেওয়া সময়সীমা বাড়বে না বলে জানিয়েছেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান। গতকাল ডিএসইর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। রকিবুর রহমান বলেন, ‘উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত বিধান বা সময়সীমায় কোনো ধরনের পরিবর্তন বা ছাড় দেওয়া হবে না বলে এসইসির চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন।’যেসব কোম্পানির পরিচালকেরা এখনো শেয়ার কেনার ঘোষণা দেননি, তাঁদের আইনি বাধ্যবাধকতার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই ডিএসইর পক্ষ থেকে চিঠি দেওয়ার কথাও জানান রকিবুর রহমান।এসইসির বিধান অনুযায়ী, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আর কোম্পানির পরিচালক পদে থাকতে হলে এককভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণও বাধ্যতামূলক করেছে এসইসি।ডিএসইর ভুল সূচক সমন্বয়ের জন্য আগামী এক মাসের মধ্যে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি)-এর সঙ্গে চুক্তি করা হবে বলেও জানান সংস্থাটির সভাপতি। এসইসির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মোহাম্মদ শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।