লেনদেনে বড় উল্লম্ফন, বেড়েছে মূল্য সূচকও
দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার এক হাজার ২৭৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে এক হাজার ১৫০ কোটি টাকা। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১২০ কোটি টাকা। লেনদেনের পাশাপাশি দুই বাজারের মূল্যসূচকও বেড়েছে। ডিএসইর সাধারণ সূচক এদিন প্রায় ৩৮ পয়েন্ট এবং সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ১৩৪ পয়েন্ট বেড়েছে। দুই বাজারে সূচকের এই ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রেখেছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলো। এদিন ডিএসইতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে একটি ছাড়া সবগুলোরই দাম বেড়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনের মধ্যে ২০৮ কোটি টাকা বা ১৮ শতাংশই ছিল ব্যাংকিং খাতের। বাজার-পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘গতকাল বাজারের আচরণ ছিল যথেষ্ট সংযত। আশ্চর্যজনকভাবে শেয়ারের দাম তেমন বাড়েনি, আবার কমেওনি। সূচক বৃদ্ধির পেছনে বড় ভূমিকা ছিল ব্যাংক খাতের কোম্পানিগুলোর। গত কয়েক দিনে ব্যাংক খাতের শেয়ারের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় অনেক বিনিয়োগকারী এখন অন্যান্য খাতের শেয়ার বিক্রি করে ব্যাংকিং খাতের প্রতি ঝুঁকছেন। এতে অন্যান্য খাতের শেয়ারের কিছুটা দরপতন ঘটছে।’ব্যাংকিং খাতের শেয়ারের দরবৃদ্ধির কারণ হিসেবে মাশরিব জাহিদ বলেন, ‘গত সোমবার ব্যাংকগুলোর খেলাপি ঋণ ও পুনঃ তফসিল-সংক্রান্ত নতুন নীতিমালায় কিছুটা ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) হারও কমানো হয়েছে। এত দিন মনে করা হচ্ছিল ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি প্রণয়ন করেছে, তাতে ব্যাংকগুলোর আয় সাময়িকভাবে কমে যেতে পারে। শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ছাড়ের কারণে সেই শঙ্কা কিছুটা হলেও কমেছে। এ ছাড়া ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণও কমে এসেছে। এসব কারণে এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। তবে এই প্রভাব কত দিন থাকবে সেটি নির্ভর করবে বিনিয়োগকারীদের সামগ্রিক আচরণের ওপর।’মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে মঙ্গলবার ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম এক ঘণ্টায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০২ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৩৯ পয়েন্টে ওঠে। এটিই ছিল এদিন ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এরপর সূচক কমতে শুরু করলেও দিন শেষে তা ধনাত্মকই ছিল।ঢাকার বাজারে এদিন ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৫টিরই দাম বেড়েছে, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭৭৫ পয়েন্টে। ঢাকার বাজারে এদিন প্রায় এক হাজার ১৫৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৭৫ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত ছিল আটটির। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৫৫৪ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন প্রায় ১২৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি।