
দেশের শেয়ারবাজারে লেনদেনের বড় ধরনের উত্থান এক দিনও টেকেনি। বিশেষ করে গত বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের বড় ধরনের যে উল্লম্ফন ছিল, সেটিরও বড় পতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেন আগের দিনের চেয়ে ৩৯ শতাংশ কমেছে। আর সিএসইতে কমেছে প্রায় ৬৯ শতাংশ।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। ওই দিন দুই বাজার মিলিয়ে প্রতিষ্ঠানটি ৫০০ কোটি টাকার বেশি লেনদেন করে। এটি ছিল অন্যান্য স্বাভাবিক দিনের লেনদেনের চেয়ে অনেক বেশি। যার ফলে ওই দিন লেনদেনে বড় ধরনের উত্থান দেখা যায়। কিন্তু গতকাল সেটি কমে যাওয়ায় বাজারের লেনদেন আগের দিনগুলোর পর্যায়ে নেমে আসে।
জানা গেছে, চলতি বছরের জুনে আইসিবির বেশ কিছু মিউচুয়াল ফান্ডের আর্থিক বছর শেষ হবে। তাই ওই সব ফান্ডের হাতে থাকা শেয়ার বিক্রি করে কিছু মুনাফা তুলে নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে বাজারে যাতে নেতিবাচক কোনো প্রভাব না পড়ে, তার জন্য আইসিবির বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মধ্যেই এসব শেয়ার কেনাবেচা করা হয়েছে। এ কারণে বুধবার হঠাৎ করে লেনদেনের পরিমাণ বেশ বেড়ে গিয়েছিল।
এ ছাড়া ডিএসইর ব্লক মার্কেটে (পূর্বনির্ধারিত ক্রেতা-বিক্রেতার মধ্যে লেনদেন) বুধবার প্রায় ৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হলেও গতকাল তার পরিমাণ ছিল চার কোটি টাকা। সেদিক থেকে গতকাল ৬০ কোটি টাকার লেনদেন কমে গেছে।
এসব কারণে বুধবারের তুলনায় গতকাল দুই বাজারের লেনদেনে বড় ধরনের পতন ঘটেছে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। তাঁরা বলছেন, এটিই বাজারের স্বাভাবিক লেনদেনের চিত্র। বুধবার আইসিবির অতিরিক্ত লেনদেনের কারণে এটি হঠাৎ করে বেড়ে গিয়েছিল। তাই লেনদেনের বড় ধরনের এই উত্থান-পতনে আতঙ্কের কোনো কারণ নেই।
জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, বুধবার দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে আইসিবির ৫০০ কোটি টাকারও বেশি এককালীন লেনদেন হয়েছে। সেই লেনদেনকে বাদ দিলে ওই দিনও বাজারের লেনদেনের পরিমাণ ৭০০ থেকে ৮০০ কোটি টাকার মধ্যেই ছিল। গতকালের লেনদেনের পরিমাণও ছিল প্রায় ৭০০ কোটি টাকা। তাই প্রকৃত অর্থে বুধবারের তুলনায় বাজারে লেনদেনে বড় ধরনের কোনো তারতম্য ঘটেনি। তাই এ নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মাশরিব জাহিদ আরও বলেন, যেসব প্রতিষ্ঠান বড় ধরনের তহবিল পরিচালনা করে, মাঝেমধ্যে তাদের কিছু ওয়ান টাইম লেনদেন করতে হয়। কারণ, এসব লেনদেনের সঙ্গে তহবিলের মুনাফা ও লভ্যাংশ বিতরণের নানা হিসাব-নিকাশ যুক্ত থাকে।
এদিকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ দিনে কিছুটা মূল্য সংশোধনও হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২১৪ পয়েন্টে। সাধারণ সূচক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৩০ পয়েন্টে। ডিএসইতে এদিন ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৬টি কোম্পানির শেয়ারেরই দাম কমেছে, বেড়েছে ৪৬টির আর অপরিবর্তিত ছিল ১৭টির শেয়ারের দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৮৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৯ শতাংশ বা ৩৮৬ কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারে ২০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টি কোম্পানির শেয়ারেরই দাম কমেছে, বেড়েছে ৩৭টির আর অপরিবর্তিত ছিল নয়টির শেয়ারের দাম। সেখানকার বাজারের সার্বিক সূচক প্রায় ১১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬০ কোটি টাকা কম।