লেনদেনের এক-তৃতীয়াংশ ব্যাংক খাতের নিয়ন্ত্রণে
দেশের শেয়ারবাজারের লেনদেনে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর আধিপত্য ক্রমেই বাড়ছে। কয়েক দিন ধরে লেনদেনে এসব প্রতিষ্ঠানের বেশ আধিপত্য দেখা যাচ্ছে। সাপ্তাহিক ও মহান বিজয় দিবসের ছুটি শেষে গতকাল সোমবার শুরু হওয়া সপ্তাহের প্রথম লেনদেন দিবসেও এই আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের প্রায় এক-তৃতীয়াংশ বা ৩৮ শতাংশ জুড়েই ছিল ব্যাংকিং খাত। এদিকে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের পর গতকাল প্রথমবারের মতো এসইসি কার্যালয়ে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শেয়ারবাজার তদারকির জন্য এসইসির নতুন সার্ভিল্যান্স সফটওয়্যারের উদ্বোধন উপলক্ষে অর্থমন্ত্রী সেখানে যান। এমন দিনে বাজারে যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট সবাই ছিলেন বেশ সচেষ্ট। বিনিয়োগকারীদের মধ্যেও এ নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়। বিনিয়োগকারীদের অনেকের প্রত্যাশা ছিল, শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা নিয়ে অর্থমন্ত্রী বক্তব্য দেবেন। তবে বাজার পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী কোনো কিছু বলেননি।তার পরও এসইসি কার্যালয়ে অর্থমন্ত্রীর এই আগমনকে ঘিরে বাজারের সূচক ও লেনদেনের বেশ খানিকটা উন্নতি হয়েছে বলে মনে করছেন বাজারের সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৮৯ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে হয়েছে চার হাজার ১৭৭ পয়েন্ট। একই সঙ্গে তিন কার্যদিবস পর লেনদেন আবারও ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘আরেকটি বছর শেষ হতে যাচ্ছে। আর্থিক খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানেরই হিসাব-বছর শেষ হয় ডিসেম্বরে। হিসাব-বছর শেষে এসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে। তাই এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ একটু একটু করে বাড়ছে। এ ছাড়া, অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি বছর শেষের আগে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা বৃদ্ধি পায়। তাই বাজারে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে।’কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং খাত বাদে গতকাল লেনদেনের শতকরা হিসাবে দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে আর দুটি খাত। এগুলো হলো—ভ্রমণ ও অবকাশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ দুটি খাতের লেনদেনের পরিমাণ ছিল ডিএসইর মোট লেনদেনের যথাক্রমে প্রায় ১২ ও ১১ শতাংশ। এদিন ডিএসইতে ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২২২টির, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির। মোট লেনদেন হয় প্রায় ২১৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ২২৭ পয়েন্ট বা ১ দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩৭ পয়েন্টে। মোট লেনদেন হয় ৫০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।