লেনদেনের ওপর দুই স্তরে কর চায় এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত মূল্য সংযোজন কর (মূসক) আইনে লেনদেন বা টার্নওভার কর আরোপ ও আদায়ের ক্ষেত্রে দুই স্তরে ব্যক্তি ও প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার সুপারিশ করেছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।এফবিসিসিআই তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাঁর অর্থনৈতিক কার্যক্রমের ২৪ লাখ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার বা লেনদেনের ওপর এক শতাংশ হারে এবং ৭০ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনের ওপর ৩ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছে।তবে প্রস্তাবিত মূসক আইনে ২৪ লাখ টাকা পর্যন্ত লেনদেনে কর মওকুফ করা হয়েছে। আর ২৪ লাখ টাকার ওপরে লেনদেন হলে ৩ শতাংশ হারে কর প্রদানের বিধান রাখা হয়েছে। আইনের এ ধারাকে বৈষম্যমূলক অভিহিত করে এফবিসিসিআই বলছে, এটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) বিকাশের অন্তরায়।ইতিমধ্যে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত মূসক আইনটি সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে। জাতীয় সংসদে পাসের জন্য গত বাজেট অধিবেশনেই মূসক আইন বিল আকারে উত্থাপিত হয়। জানা গেছে, মূসক আইনের ওপর সংসদীয় স্থায়ী কমিটি ব্যবসায়ীদের মতামত গ্রহণ করবে। তারই অংশ হিসেবে এফবিসিসিআই সুপারিশমালা তৈরি করেছে।সুপারিশে এফবিসিসিআই যেকোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার যথাযথ নিয়ম মেনে অর্থাৎ প্রস্তাবিত আইনের ১১১ ধারা মেনে চলার প্রস্তাব করেছে। সংগঠনটি সরাসরি ব্যাংক হিসাব জব্দ করার বিপক্ষে মত দিয়েছে।মূসক আইনের ১১১ ধারায় বলা হয়েছে, ‘সহকারী কমিশনার ও তদূর্ধ্ব কর্মকর্তারা মূসক প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব, ব্যাংক অ্যাকাউন্টের হিসাব বিবরণী, দলিলাদিসহ অন্য যেকোনো তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা চাহিদাকৃত তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবেন।’এফবিসিসিআইর একাধিক পরিচালক জানান, হিসাবপত্র ও দলিলাদি যদি কর কর্তৃপক্ষ জব্দ করতে চায়, তাহলে অবশ্যই তা কর্মদিবসে ও অফিস চলাকালে হতে হবে। আর কী কী কাগজপত্র ও দলিল নেওয়া হলো, তার জব্দ তালিকা তৈরি করে সাক্ষীর উপস্থিতিতে বুঝিয়ে দিতে হবে। তা না হলে ব্যবসায়ীদের হয়রানি বাড়বে।প্রস্তাবিত আইনে বকেয়া কর আদায়ের ক্ষেত্রে মূসক কর্মকর্তা খেলাপি করদাতার বরাবর নোটিশ প াঠাবেন। কিন্তু এফবিসিসিআই বলছে, নোটিশ প্রদানকালে বকেয়া পরিশোধের জন্য ৩০ দিন সময় দিতে হবে। তবে বকেয়া করের ওপর সুদ আদায়ের জন্য ৮০ শতাংশ পর্যন্ত সমন্বয় করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।প্রস্তাবিত মূসক আইন অনুযায়ী, কর ফাঁকি রোধকল্পে মূসক কর্মকর্তা যেকোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের যাবতীয় বিষয় নিরীক্ষা ও অনুসন্ধান করতে পারবেন। এর সঙ্গে একমত পোষণ করে এফবিসিসিআই বলেছে, মূসক আইনের ৮৫(১) বিধি প্রণয়ন ও অডিট ম্যানুয়াল প্রকাশ আইনের স্বচ্ছতা ও জবাবদিহি বিধানের পূর্বশর্ত বিধায় এই বিধান আবশ্যিকভাবে প্রতিপালনের নিশ্চয়তার বিধান করতে হবে।মুনাফানির্বিশেষে কোনো ব্যবসা, পেশা, বৃত্তি, জীবিকা উপার্জনের উপায়, পণ্য প্রস্তুত বা যেকোনো ধরনের উদ্যোগই করযোগ্য হবে। কিন্তু এফবিসিসিআই মত দিয়েছে, শুধু মুনাফার লক্ষ্যেই যদি তা করা হয়, তবে করযোগ্য করা উচিত।অন্যদিকে কোম্পানির কোনো পরিচালক কর্তৃক প্রদত্ত কোনো সেবার ক্ষেত্রে ওই ব্যক্তি ব্যবসা পরিচালনার নিমিত্তে ওই পরিচালকের পদ যদি গ্রহণ করেন, সেই ক্ষেত্রে প্রদত্ত সেবা অর্থনৈতিক কার্যক্রম হবে। কিন্তু এর সঙ্গে দ্বিমত পোষণ করে এফবিসিসিআই বলেছে, ব্যবসা পরিচালনার নিমিত্তে নিযুক্ত পরিচালক বেতন গ্রহণ করেন বলে এই আইনের অধীনে করযোগ্য নয়।আবার অনাবাসী ব্যক্তির সংজ্ঞা দিয়ে মূসক আইনে বলা হয়েছে, যিনি বাংলাদেশে আবাসিক নন। কিন্তু এফবিসিসিআই বলছে, বাংলাদেশের অভ্যন্তরে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ব্যক্তি ব্যতীত অন্য কোনো অনাবাসিক ব্যক্তি এই আইনের অধীনে বিবেচ্য নয়।যোগাযোগ করা হলে এফবিসিসিআইর উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাবিত মূসক আইনে এমন অনেক বিধিবিধান আছে, যা ব্যবসায়ী-শিল্পপতিদের হয়রানি বাড়াবে। কাজেই আমরা সেগুলো সংশোধনের কথা বলেছি।’ তিনি আরও বলেন, মূসক আইনে মূসকের সংজ্ঞাই সুস্পষ্ট করা হয়নি। এটা সুস্পষ্ট করতে হবে। মূল্য সংযোজন কর আর আবগারি শুল্ক এক হতে পারে না।এর আগে এনবিআর গত বছর মূসক আইনের খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে। খসড়ার ওপর ব্যবসায়ীসহ বিভিন্ন মহল মতামত দেয়।