লেনদেনের দ্বিতীয় দিনেই দরপতনের শীর্ষে এনভয়
লেনদেন শুরুর দ্বিতীয় দিনেই দেশের দুই স্টক এক্সচেঞ্জেই (ডিএসই) ১১ শতাংশেরও বেশি দর হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল। গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১১ দশমিক ৬৩ শতাংশ কমে নেমে এসেছে ৫৪ টাকা ৭০ পয়সায়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১১ দশমিক ৩৮ শতাংশ কমে নেমে এসেছে ৫৪ টাকা ৫০ পয়সায়। এ কারণে কোম্পানিটি এ দিন উভয় শেয়ারবাজারে দরপতনের শীর্ষে ছিল। গত রোববার থেকে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়। এদিকে এক দিনে কোম্পানিটির ১১ শতাংশের বেশি দরপতনের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই গতকাল সংবাদমাধ্যমে টেলিফোনে এর কারণ জানতে চেয়েছেন। তাঁদের সবার জিজ্ঞাসা, তালিকাভুক্ত কোম্পানির দর হ্রাস-বৃদ্ধির সর্বোচ্চ ১০ শতাংশ সীমা (সার্কিট ব্রেকার) নির্ধারিত থাকার পরও কীভাবে এই দরপতন ঘটল। তবে ডিএসই ও সিএসইর নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত যেকোনো নতুন কোম্পানির ক্ষেত্রে প্রথম পাঁচ কার্যদিবস দরবৃদ্ধি ও হ্রাসের কোনো সীমা নির্ধারিত থাকে না। সেই হিসেবে এনভয় টেক্সটাইলের শেয়ারের দামের ওপর গতকাল কোনো ধরনের সীমা আরোপিত ছিল না। নিয়ম অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই শেয়ারের দামের ওপর কোনো ধরনের সীমা আরোপিত থাকবে না বলে ডিএসইর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জানিয়েছেন। তবে এই বিধানটির কথা বিনিয়োগকারীদের অধিকাংশের জানা ছিল না। এ কারণে এ দিন এনভয়ের শেয়ারের ১১ শতাংশের দরপতন অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এদিকে শেয়ারবাজারে গতকালও দরপতন হয়েছে। এর প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে একদল বিনিয়োগকারী বিক্ষোভ করেছেন। সোমবার বেলা দেড়টার দিকে একদল বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, ডিএসইর সভাপতি রকিবুর রহমান ও ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ রশিদ লালীর বিরুদ্ধে নানা স্লোগান দেন। ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৯ পয়েন্টে। এ দিন ডিএসইতে ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৪টিরই দাম কমেছে, বেড়েছে ৫৫টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক প্রায় ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ২৭১ পয়েন্টে। সেখানকার বাজারে এ দিন ১৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৪টিরই দাম কমেছে, বেড়েছে ৩২টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা কম।