লেনদেনের নতুন সফটওয়্যার চালু
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার থেকে ইন্টারনেটভিত্তিক লেনদেনের জন্য নতুন সফটওয়্যার (এমএসএ প্লাস) চালু করা হয়েছে। ডিএসইর সব সদস্য এই সফটওয়্যারে লেনদেনের আওতায় চলে এলেও সব ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীরা এই সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। প্রথম দিনে এই সফটওয়্যারে লেনদেন করতে গিয়ে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসগুলোকে নানা সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে যেসব বিনিয়োগকারী ঋণ নিয়ে ব্যবসা করেন তাঁদের শেয়ার কেনাবেচায় বেশ সমস্যা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডিএসইর পক্ষ থেকেও এ সমস্যার কথা স্বীকার করা হয়েছে। জানতে চাইলে ডিএসইর প্রধান কারিগরি কর্মকর্তা এ এস এম খায়েরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নতুন সফটওয়্যার চালুর কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। অনেক সময় ব্রোকারেজ হাউসের ব্যাক অফিস থেকে বিনিয়োগকারীর বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবে তথ্য হালনাগাদ করা হয়নি। আবার অনেক ক্ষেত্রে কারিগরি কিছু সমস্যাও ছিল। তবে সব ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। যখনই যে সমস্যার কথা আমরা জানতে পারছি, সেই সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছি।’খায়েরুজ্জামান আরও বলেন, ‘শুধু বিনিয়োগকারী না, ব্রোকারেজ হাউসের যেসব প্রতিনিধি লেনদেন কার্যক্রমের সঙ্গে যুক্ত তাঁরা এখনো পুরোপুরি নতুন সফটওয়্যারটি ব্যবহারের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেননি। এ কারণে কোথাও কোথাও কিছুটা সমস্যা হচ্ছে।’ ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সফটওয়্যার চালুর প্রথম দিনে ৩৪টি ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারী ইন্টারনেটভিত্তিক লেনদেনের সুযোগ পেয়েছেন। অন্য হাউসগুলোতে সফটওয়্যারটি চালু হলেও সেখানকার বিনিয়োগকারীরা এখনো এই সুবিধা নিতে পারছেন না। একাধিক বিনিয়োগকারী অভিযোগ করেছেন, নতুন এই সফটওয়্যারে অক্ষরগুলো অনেক ছোট। সামান্য দূর থেকেও তা ঠিকমতো দেখা যায় না। কেউ কেউ অভিযোগ করেছেন, লেনদেন চলাকালীন সূচক হালনাগাদ হয়নি। ফলে সূচকের উত্থান-পতনের প্রকৃত অবস্থা জানা যায়নি। নতুন সফটওয়্যারজনিত নানা সমস্যার কারণেও গতকাল বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন। এদিকে বিনিয়োগকারীদের লেনদেনের সুবিধার্থে নতুন এই সফটওয়্যার চালুর কথা বলা হলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো পর্যন্ত এ নিয়ে স্বচ্ছ কোনো ধারণা নেই। এমনকি এ ব্যাপারে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর মতো কোনো পদক্ষেপও ডিএসই পক্ষ থেকে নেওয়া হয়নি। এ অবস্থায় গতকাল সকালে এমএসএ প্লাস সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান। অনুষ্ঠানে এসইসির সদস্য আমজাদ হোসেন ও আরিফ খান, ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তারা ছাড়াও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।